ভোটের দিন বাড়তি ট্রেন চালু রাখবে মেট্রোরেল কর্তৃপক্ষ
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০২ দুপুর
নিউজ ডেস্ক

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটির কবলে পড়ছে দেশ। এই দীর্ঘ ছুটিতেও রাজধানীর মানুষের যাতায়াত সহজ রাখতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। 

তিনি বলেন, এই সময়গুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। নির্বাচনের দিন আমরা এক্সট্রা ট্রেন চালু রাখব। কোনো অসুবিধা হবেনা ।

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটের জন্য ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হবে। তবে অন্য গেটগুলো খোলা থাকবে।

এদিকে, নির্বাচনকালীন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের আওতাধীন ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, আবশ্যকীয় নিরাপত্তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল করা হলো। একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

 এমএম/