সোমবার, ২৫ মে ২০২৬ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৮ জিলহজ ১৪৪৭


কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোর চলতি বছরের বাকি সময়ের জন্য সংশোধিত বার্ষিক ছুটির তালিকা অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

রোববার (২৪ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সংশোধিত ছুটির সূচি চূড়ান্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব জান্নাতুল ফেরদৌস।

প্রজ্ঞাপনে দেখা গেছে, চলতি মে মাসের পর থেকে অর্থাৎ আগামী জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কলেজগুলোতে দীর্ঘ ও সংক্ষিপ্ত মেয়াদের বেশ কয়েকটি ছুটি রয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে শুরু হওয়া পবিত্র ঈদুল আজহার ছুটি আগামী ৬ জুন শনিবার পর্যন্ত বহাল থাকবে, যেখানে সর্বমোট ১০ দিনের ছুটি বরাদ্দ রাখা হয়েছে। এরপর ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরার ছুটি নির্ধারিত থাকলেও তা সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। আগস্ট মাসের ৫ তারিখ বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ১ দিন এবং ১২ আগস্ট বুধবার আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে ১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া, ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এরপর সেপ্টেম্বর মাসের ৪ তারিখ শুক্রবার শুভ জন্মাষ্টমীর ছুটি নির্ধারিত থাকলেও তা সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। তবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ১ দিন কলেজ বন্ধ থাকবে। অক্টোবর মাসে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গা পূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষ্যে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি মিলবে। এই ছুটি ১৮ অক্টোবর রোববার থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চলবে। নভেম্বর মাসের ৮ তারিখ রোববার শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে ১ দিন এবং ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১ দিনের সাধারণ ছুটি থাকবে। বছরের শেষভাগে এসে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা ১১ দিন শীতকালীন অবকাশ ও যীশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে কলেজসমূহ বন্ধ থাকবে।

আবার তালিকাভুক্ত এই নির্দিষ্ট দিনগুলো ছাড়াও প্রতি বছরের ন্যায় এবারও কলেজগুলোর প্রতিষ্ঠান প্রধানদের হাতে সংরক্ষিত ৩ দিনের বিশেষ ছুটি রাখা হয়েছে, যা তারা স্থানীয় বা অভ্যন্তরীণ বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটিগুলোর তারিখ যথানিয়মে চাঁদ দেখার সাপেক্ষে পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয়েছে।

দেশের সরকারি ও বেসরকারি সব কলেজের সংশোধিত শিক্ষাপঞ্জির অংশ হিসেবে একাদশ ও দ্বাদশ শ্রেণির একাডেমিক কার্যক্রমের নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

ঘোষিত নতুন একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আগামী ১৫ জুন (সোমবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই (বুধবার) থেকে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হবে। শিক্ষাপঞ্জিতে একাদশ শ্রেণির (সেশন : ২০২৫-২০২৬) বার্ষিক পরীক্ষার তারিখও চূড়ান্ত করা হয়েছে। 

সূচি অনুযায়ী, আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) থেকে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং আগামী ১৬ জুলাই এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলার বিষয়েও কঠোর একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন উপলক্ষে কোনোভাবেই প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শনের নামে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। একই সঙ্গে পরিদর্শনে আসা কোনো ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের অজুহাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে যে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ যেমন—২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), ২৬ মার্চ (স্বাধীনতা ও জাতীয় দিবস) এবং ১৬ ডিসেম্বর (মহান বিজয় দিবস) উপলক্ষ্যে কলেজসমূহে সাধারণ ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসগুলোতে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের আবশ্যিক উপস্থিতিতে বিভিন্ন শিক্ষণীয় ও বিষয়ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে হবে। কোনো অবস্থাতেই জাতীয় দিবসগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখা যাবে না বলেও কড়া নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ