মোটরসাইকেল চালকের কাছে ৫০০ টাকা চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগেরও তদন্ত করা হচ্ছে।
রোববার (২৪ মে) বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, পুলিশ সদস্য ফজলুর রহমান, পুলিশ সদস্য আব্দুর রউফ ও পিকআপ ড্রাইভার লিটন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার (২১ মে) হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনকালে একজন মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। ওই অভিযোগের বিষয়টি হাইওয়ে পুলিশ সুপার মহোদয়কেকে জানানো হয়। পুলিশ সুপার তাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগ আসার পর ওই পাঁচ পুলিশকে প্রত্যাহার করে বগুড়া রিজিওনে সংযুক্ত করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগটি তদন্ত চলছে।
আইও/