নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর সংরক্ষিত নারী আসনের এমপি ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালনের আশ্বাস দেন।
এ সময় তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করে বলেন, ‘এক নারী হীরা (ইরাক) থেকে বের হয়ে কাবা তাওয়াফ করবে, আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না।’ তিনি বলেন, এমন একটি রাষ্ট্র গঠন করতে হবে যেখানে নারীরা শুধুমাত্র আল্লাহকে ভয় করবেন; কোনো সন্ত্রাসী, ধর্ষক বা অপরাধীচক্রের আতঙ্কে থাকতে হবে না।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুরশিদ সিদ্দিকী, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, জনাব এইচ এম খোকন এবং মাওলানা আহসানুল্লাহ কাসেমী।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী। তিনি বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, এ ধরনের নৃশংস অপরাধ বন্ধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সামাজিকভাবে অপরাধপ্রবণতা প্রতিরোধ, বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা দূর এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তার ভাষ্য, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে অপরাধীরা আরও উৎসাহিত হয়। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও কার্যকর শাস্তির কোনো বিকল্প নেই।
জেডএম/
