রবিবার, ২৪ মে ২০২৬ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৭ জিলহজ ১৪৪৭


হজের খুতবা বাংলায় রূপান্তর করবেন যে চার বাংলাদেশি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল আজহা ও হজের মূল আনুষ্ঠানিকতাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিশ্বের মুসলিমদের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে বাংলাসহ ৩৫টির বেশি ভাষায় পবিত্র হজের খুতবা সরাসরি অনুবাদ ও সম্প্রচার করা হবে।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সি বিভাগের অধীনে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে।

এবারের অনুবাদ কার্যক্রমে অংশ নিচ্ছেন চারজন বাংলাদেশি গবেষক। তারা হলেন— ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সময়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন।

পবিত্র মসজিদুল হারাম-এর খুতবা অনুবাদ প্রকল্পের বাংলা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ খলীলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারসহ পঞ্চমবারের মতো তিনি হজের খুতবা অনুবাদ কার্যক্রমে যুক্ত রয়েছেন। পুরো টিম অনুবাদে অংশ নিলেও সরাসরি উপস্থাপনায় থাকবেন দুজন সদস্য। এর আগে দুইবার তিনি সরাসরি বাংলা অনুবাদ উপস্থাপন করেছেন।

আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র আরাফাতের ময়দানে সমবেত লাখো হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে হজের মূল খুতবা প্রদান করবেন শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের সর্বাধিক মানুষের কাছে খুতবার বাণী পৌঁছে দিতে ভাষা ও অনুবাদ বিভাগ এই সম্প্রচার কার্যক্রম তদারকি করছে।

সৌদি বার্তা সংস্থার তথ্যমতে, ২০১৮ সালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ-এর বিশেষ নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয়। শুরুতে মাত্র পাঁচটি ভাষায় সম্প্রচার হলেও পরে ধীরে ধীরে ভাষার সংখ্যা বাড়ানো হয়। বাংলা ভাষা প্রথম যুক্ত হয় ২০২০ সালে। ওই বছর প্রথমবারের মতো বাংলা অনুবাদ উপস্থাপন করেন ড. আ ফ ম ওয়াহিদুর রহমান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ