কাল ইসির সংলাপে অংশ নেবে ইসলামী আন্দোলন
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৯ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় নির্বাচন ভবনে অনুষ্ঠেয় এ সংলাপে দলের পক্ষ থেকে অংশ নেবেন যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক ও সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ।

সংলাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনসহ নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দলের অবস্থান ও প্রস্তাব তুলে ধরবেন তারা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী এ সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া এ সংলাপ চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। এতে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন। সোমবার দ্বিতীয় দিনের সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি দলের অংশ নেওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা নিতে এ সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন।

রোববার প্রথম দিনের সংলাপে অংশ নেওয়া দলগুলো নিরপেক্ষ প্রশাসন, সরকারের প্রভাবমুক্ত পরিবেশে ভোট গ্রহণ এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে

এসএইচ/