
|
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি
প্রকাশ:
২৯ নভেম্বর, ২০২৬, ০৫:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
|| তানবিরুল হক আবিদ || বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন পাকিস্তানের কেন্দ্রীয় কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছেলে মাওলানা আহমদ হানিফ জালান্ধরি সঙ্গে ছিলেন। মাওলানা হানিফ জালান্ধরির বাংলাদেশ সফরের সমন্বয়ক ও রাজধানীর দক্ষিণখানের মাদরাসাতুর রহমান আল আরাবিয়ার নায়েবে মুহতামিম মুফতি আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সফরের শেষ দিন শুক্রবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জের জামিয়া রব্বানিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় করেন মাওলানা হানিফ জালান্ধরি। পরে তিনি হাকিমুল উম্মত মাদরাসায় সফরের শেষ কর্মসূচিতে অংশ নেন। সেখানে রাত ১২টা পর্যন্ত মাদরাসার আলেম ও শিক্ষার্থীদের উদ্দেশে বয়ান করেন তিনি। বিদায়বেলায় মাওলানা হানিফ জালান্ধরি বলেন, বাংলাদেশ বেফাকের সঙ্গে মতবিনিময় বৈঠকের মধ্য দিয়ে তার এবারের সফর সার্থক হয়েছে। বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষা সিলেবাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তিনি বাংলাদেশ বেফাকের নেতৃবৃন্দকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান। প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর দিবাগত গভীর রাতে মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় আসেন। সফরকালে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সফর করেন এবং গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে অংশ নেন। এসএইচ/ |