আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
নিউজ ডেস্ক

চলতি বছরের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ২৫ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম-২০২৬ সালের নিয়মিত পরীক্ষার নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট কেন্দ্রের মাদরাসাপ্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) প্রতিস্বাক্ষরসহ কেন্দ্রের তথ্য ছক আগামী ২৯ নভেম্বরের মধ্যে বোর্ডের দাপ্তরিক ই-মেইলে পাঠাতে হবে।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের ট্রাঙ্ক যাচাইয়ের সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার দিন পুলিশ পাহারায় প্রশ্নপত্রের নিরাপত্তা খাম কেন্দ্রে আনতে হবে।

বোর্ড থেকে তিতাস অথবা কর্ণফুলী সেট কোডসংবলিত এসএমএস পাওয়ার পরই প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা কেবল ছবি তোলার সুবিধাবিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

পরীক্ষার্থীদের কক্ষ প্রত্যবেক্ষণের ক্ষেত্রে প্রতি ২০ জনের জন্য একজন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুজন কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ দিতে হবে। ছাত্রীদের কক্ষে অবশ্যই একজন মহিলা শিক্ষক দায়িত্ব পালন করবেন। কোনো অবস্থাতেই কেন্দ্রস্থিত মাদরাসার শিক্ষক নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কক্ষে দায়িত্ব পালন করতে পারবেন না।

আসন বিন্যাসের ক্ষেত্রে প্রতি বেঞ্চে সর্বোচ্চ দুজন পরীক্ষার্থী বসানো যাবে। এ ক্ষেত্রে বেঞ্চগুলোর মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব রাখতে হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রাখতে হ্যান্ড মাইক ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

উত্তরপত্র ব্যবস্থাপনার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শেষে বিষয়ভিত্তিক ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদা করে হলুদ কাপড়ে মুড়িয়ে ডাকযোগে (জিইপি) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের ঠিকানায় পাঠাতে হবে।

এ ছাড়া প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনের সময় পুলিশের সংশ্লিষ্টতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন, প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্রের শৃঙ্খলা এবং উত্তরপত্র যথাযথভাবে সংরক্ষণ ও বোর্ডে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএইচ/