নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩১ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মানুষ অনেক সময় জীবনের গুরুত্বপূর্ণ নেয়ামতগুলোর কদর বুঝতে পারে সেগুলো হারিয়ে যাওয়ার পর। অথচ সুস্থতা, মানসিক প্রশান্তি, জীবিকা ও নিরাপদ জীবন—এসব আল্লাহর দেওয়া নেয়ামত, যার জন্য প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। শুধু মুখে আলহামদুলিল্লাহ বলাই শোকর নয়; অন্তরে নেয়ামতের স্বীকৃতি, মুখে কৃতজ্ঞতা এবং কাজে তার প্রতিফলন থাকতে হবে।

পবিত্র মদিনার মসজিদে নববিতে গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) জুমার খুতবায় এসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ আল-বুয়াইজান। খুতবায় তিনি আল্লাহর নেয়ামতের কদর করা, কৃতজ্ঞতা প্রকাশ এবং মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

খুতবায় তিনি বলেন, আল্লাহর নেয়ামত প্রকাশ্য ও অপ্রকাশ্য—অগণিত। মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর অনুগ্রহের মধ্যে বসবাস করে। এমন অনেক নেয়ামত রয়েছে, যেগুলোর উপস্থিতি মানুষ অনুভবও করে না। আবার অনেক বিপদ-আপদ আল্লাহ দূরে সরিয়ে দেন, অথচ মানুষ তা জানতেও পারে না। মানুষের প্রয়োজন পূরণ হওয়া, বিপদ থেকে মুক্তি পাওয়া, রহমত লাভ করা—সবই আল্লাহর বিশেষ অনুগ্রহের অংশ। তাই এসব নেয়ামতের স্বীকৃতি দেওয়া এবং আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের দায়িত্ব।

শায়খ আল-বুয়াইজান বলেন, নেয়ামতের কদর বুঝতে দূরদৃষ্টিসম্পন্ন মুমিন তার বিলুপ্তির অপেক্ষা করেন না; বরং নেয়ামত হাতে থাকতেই তার মূল্য উপলব্ধি করেন। সুস্থতা, নিরাপত্তা, জীবিকা ও প্রশান্তির মতো বিষয়গুলোকে স্বাভাবিক মনে করে অবহেলা করা উচিত নয়। বরং প্রতিদিনের জীবনে আল্লাহর অনুগ্রহ স্মরণ করে কৃতজ্ঞ হওয়া প্রয়োজন।

তিনি বলেন, শোকর আদায়ের অন্যতম উপায় হলো আল্লাহর সিদ্ধান্ত ও বণ্টনের ওপর সন্তুষ্ট থাকা এবং তিনি যা দিয়েছেন, তাতে তৃপ্ত থাকা। একই সঙ্গে প্রাপ্ত নেয়ামত সংরক্ষণ করতে হবে। অপচয়, অপব্যয়, অতিরিক্ত ভোগবিলাস এবং কৃপণতা থেকে বিরত থাকতে হবে। কোনো নেয়ামতকে তুচ্ছ মনে করা বা অবহেলায় নষ্ট করাও কৃতজ্ঞতার পরিপন্থী। যে ব্যক্তি নেয়ামতের প্রকৃত মূল্য বোঝে, সে তা যত্নের সঙ্গে সংরক্ষণ করে।

কৃতজ্ঞতা বাড়ানোর আরেকটি উপায় হিসেবে তিনি দুনিয়াবি বিষয়ে নিজের চেয়ে কম সুবিধাপ্রাপ্ত মানুষের দিকে তাকানোর পরামর্শ দেন। সম্পদ, সন্তান, স্বাস্থ্য, চাকরি কিংবা জীবনযাপনের অন্যান্য ক্ষেত্রে যারা তুলনামূলকভাবে কম পেয়েছেন, তাদের কথা ভাবলে নিজের প্রাপ্তির গুরুত্ব উপলব্ধি করা সহজ হয়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দুনিয়াবি বিষয়ে নিজের চেয়ে ওপরের অবস্থানে থাকা ব্যক্তিদের দিকে না তাকিয়ে নিচের অবস্থানে থাকা মানুষের দিকে তাকানো উচিত। এতে আল্লাহর দেওয়া নেয়ামতকে তুচ্ছ মনে করার প্রবণতা কমে।

খুতবায় মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন মসজিদে নববির এই খতিব। তিনি বলেন, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার পূর্ণতার অংশ হলো মানুষের উপকারের স্বীকৃতি দেওয়া। কেউ ভালো কিছু করলে তার প্রশংসা করা, তার জন্য দোয়া করা এবং সামর্থ্য অনুযায়ী উপকারের প্রতিদান দেওয়া উত্তম চরিত্রের পরিচয়। মানুষের উপকার অস্বীকার করা কিংবা কারও ভালো কাজ ভুলে যাওয়া কৃতজ্ঞতার পরিপন্থী।

তিনি আরও বলেন, যারা মানুষের উপকার করে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদের ভালো কাজ স্মরণ রাখা এবং তাদের জন্য দোয়া করা উচিত। কাউকে তার উপকারের প্রতিদান দেওয়ার সামর্থ্য না থাকলেও তার জন্য দোয়া করা যায়। মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ঈমানের পূর্ণতা ও সুন্দর চরিত্রের পরিচায়ক। এ প্রসঙ্গে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস—‘যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না’—স্মরণ করিয়ে দেন।

খুতবায় শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান মুসল্লিদের তাকওয়া অবলম্বন এবং আল্লাহর নেয়ামতের যথাযথ শোকর আদায়ের আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ কল্যাণ ও বরকত লাভের অন্যতম মাধ্যম। আর কৃতজ্ঞতা আদায়ের সামর্থ্য পাওয়াও আল্লাহর একটি বড় নেয়ামত। ফলে শোকর আদায়ের ধারাবাহিকতা কখনো শেষ হয় না; বরং প্রতিটি নেয়ামতের জন্য নতুন করে কৃতজ্ঞ হওয়ার সুযোগ তৈরি হয়। সূত্র: দ্য গেট টু হারামাইন

এসএইচ/