
|
জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার!
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৬, ০৫:০১ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। এবার নিজের নির্বাচনি এলাকায় দলীয় কর্মীদের ওপর হামলার পাল্টা জবাব দিতে গিয়ে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একই বক্তব্যের সারসংক্ষেপ দিয়ে একটি ফটোকার্ডও প্রকাশ করেন তিনি। যদিও পরে সেটি সরিয়ে নেওয়া হয়। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আমির হামজাকে আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, ‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না না, কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই, মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...।’ শুক্রবার (২৭ নভেম্বর) রাত নয়টার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন আমির হামজা। সেখানে নিজের হাস্যোজ্জ্বল ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।—মুফতি আমির হামজা।’ অর্থাৎ, নিজের নির্বাচনী এলাকায় দলীয় কর্মীদের ওপর হামলার পাল্টা জবাব দিতে চান তিনি। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী বাধা দিলে দলটি ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। তবে ফেসবুক পেজ থেকে পরে ফটোকার্ডটি মুছে ফেলা হয়। সরিয়ে নেওয়ার আগে এতে ২১ হাজার ৮০০ রিঅ্যাকশন পড়ে। মন্তব্য করেন ১ হাজার ৯০০ জন। শেয়ার হয় ৪৮৩ বার। আমির হামজার এমন বক্তব্যের পেছনে রয়েছে কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলার ঘটনা। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাজাহান আলী ও আমির হামজার অভিযোগ, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। এরপর বৃহস্পতিবার দুপুরে আহতদের দেখতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান আমির হামজাসহ জামায়াতের নেতারা। এ সময় আহতদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতেই তাকে জামায়াত ছাড়ার কথা বলতে শোনা যায়। এ সময় পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, ‘সেই কথা তো আমরাও বলি।’ জবাবে আমির হামজা বলেন, ‘মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...।’ সার্বিক বিষয়ে জানতে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার একান্ত সহকারী (পিএস) মোমিন বিশ্বাস বলেন, ‘এমপি সাহেব মাহফিলে আছেন। তিনি রাতে ঢাকায় যাবেন, সাংগঠনিক সভা আছে।’ এসএইচ/ |