ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা!
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬, ১১:১২ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। নতুন এ আইনে স্কুলের বিভিন্ন কার্যক্রমে এমন পোশাক নিষিদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীর মুখ ঢাকা থাকে এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না।

আইন অমান্য করলে ২০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে জরিমানার দায় বহন করতে হবে তার অভিভাবককে। আইনে মুখ ঢেকে রাখে না—এমন হিজাব পরার ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ফলে মুসলিম নারীদের প্রচলিত হিজাব এ আইনের আওতামুক্ত থাকছে।

আইন অনুযায়ী, স্কুলের কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে—এমন যেকোনো মুখাবরণ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিশেষ করে বোরকা ও নিকাব পরার ক্ষেত্রে এ বিধান কার্যকর হবে। নতুন আইন অনুমোদনের পর ইতালিতে ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষতার সীমা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সমালোচকদের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের অধিকারের ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সমর্থকদের যুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করা এবং নিরাপত্তা বজায় রাখার স্বার্থেই এ পদক্ষেপ। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ইউরোপের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের অধিকার ও রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতির মধ্যে ভারসাম্য নিয়েও আলোচনা জোরালো হয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

টিএইচএ/