ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মানুষ রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কিন্তু নিজের ঈমানের সুরক্ষায় কতটা সচেতন—এমন প্রশ্ন তুলেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ অধ্যাপক ড. ফয়সাল বিন জামিল গাজ্জাবি। তিনি বলেছেন, মানুষ নিজের জীবনকে বিপদমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে। অথচ নিজের নামাজ, বন্ধুত্ব ও সত্যবাদিতাকে ঝুঁকির মুখে ফেলতে অনেকেই দ্বিধা করে না।

শুক্রবার (২৭ নভেম্বর) পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন তিনি।

খুতবায় শায়খ ফয়সাল গাজ্জাবি অসৎ সঙ্গ, গোপনে পাপাচারে জড়িয়ে পড়া, অর্থের লোভে মিথ্যা বলা এবং প্রয়োজন ছাড়া ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, মানুষের জীবনযাপনে সঙ্গের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অসৎ সঙ্গ থেকে দূরে থাকা এবং নিজের ঈমান ও আমল রক্ষায় সচেতন থাকা জরুরি।

তিনি নিজের মতের ওপর একগুঁয়ে হয়ে না থেকে অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান। মানুষের উচিত গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া।

খুতবায় তিনি বলেন, দুনিয়ায় মানুষ অনেক বিষয়ে ঝুঁকি নিতে পারে; কিন্তু ঈমান তার সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই কোনো কিছুর বিনিময়েই ঈমানকে ঝুঁকির মুখে ফেলা উচিত নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈমানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সূত্র: দ্য গেট টু হারামাইন

আরএইচ/