নাঙ্গলকোটে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন, বিনামূল্যে বই বিতরণ
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:৪২ দুপুর
নিউজ ডেস্ক

কুমিল্লার নাঙ্গলকোটে খিদমাতুল ইসলাম পরিষদের উদ্যোগে দাওয়াহ ক্যাম্পেইন ও বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর নাঙ্গলকোট থানা কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।

ক্যাম্পেইনে যুবসমাজ, শিক্ষিত শ্রেণি ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের মাঝে ইসলামের মৌলিক শিক্ষা, দ্বীনি জ্ঞানার্জনের গুরুত্ব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সীরাতবিষয়ক বিভিন্ন বই বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে দ্বীনি জ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি, ইসলামের মৌলিক শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ও জীবনাদর্শের সঙ্গে পরিচিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

ক্যাম্পেইন পরিচালনা করেন খিদমাতুল ইসলাম পরিষদের নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মাদ বুরহানুদ্দীন বিন সাদ। এ সময় উপস্থিত ছিলেন ফজলে রাব্বী, কবীর আহমদ, আবদুর রহমান প্রমুখ।

খিদমাতুল ইসলাম পরিষদ জানিয়েছে, শিক্ষা, সেবা ও দাওয়াহমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে দ্বীনি সচেতনতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এসএইচ/