
|
বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল
প্রকাশ:
২৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক দেশের তাসাউফ চর্চার ঐতিহাসিক ধারার অন্যতম বৃহৎ আয়োজন চরমোনাই দরবারের বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আজ শুক্রবার (২৭ নভেম্বর)। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সাড়ে তিন দিনব্যাপী এ মাহফিলের উদ্বোধন করবেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার বাদ জুমা তাঁর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান করবেন। সাড়ে তিন দিনের এ আয়োজনে মোট সাতটি মূল বয়ান অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলের উদ্বোধনী ও আখেরি বয়ানসহ মোট চারটি মূল বয়ান করবেন আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বাকি তিনটি মূল বয়ান করবেন শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। প্রসঙ্গত, প্রায় এক শতাব্দী ধরে বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। তাসাউফ, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনার চর্চাকে কেন্দ্র করে আয়োজিত এ মাহফিলে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এদিকে মাহফিলকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি অজু ও শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিসের দল মোতায়েন থাকবে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের যানবাহন রাখার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। আয়োজকদের আশা, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ মাহফিলে অংশ নেবেন। এসএইচ/ |