
|
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর
প্রকাশ:
২৬ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত
নিউজ ডেস্ক |
|| তানবিরুল হক আবিদ || বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের কওমি মাদরাসা শিক্ষা বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব (নাযিমে আলা) মাওলানা হানিফ জালন্ধরী। তিনি বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা কার্যক্রমে সমন্বয় এবং দ্বীনি শিক্ষাব্যবস্থার ওপর বিভিন্ন ধরনের আগ্রাসন মোকাবিলায় বোর্ডগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় জরুরি। এ লক্ষ্যে তিনি বাংলাদেশ বেফাকের একটি প্রতিনিধিদলকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বাংলাদেশ বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক। শুরুতে অতিথির সঙ্গে উপস্থিত ব্যক্তিদের পরিচয় করিয়ে দেন বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। পরে বাংলাদেশ বেফাকের কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, জাতীয় পর্যায়ে এর প্রভাব এবং দাওরায়ে হাদিসের সনদের সরকারি স্বীকৃতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন আল্লামা মাহফুজুল হক। মাওলানা হানিফ জালন্ধরী বলেন, এর আগে কয়েকবার বাংলাদেশে এলেও প্রতিবারই তাঁর আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ বেফাকের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসে পারস্পরিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার। এবারের সফরে সেই সুযোগ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তাঁর ভাষায়, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সফরের একটি গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। পাকিস্তানের কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ১৯৮১ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি খাইরুল মাদারিস মুলতানের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৬ সালের পর থেকে পাকিস্তান বেফাককে সুসংগঠিত করার ধারাবাহিক প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। পশ্চিমা বিশ্বের বুদ্ধিবৃত্তিক আগ্রাসন প্রসঙ্গে মাওলানা হানিফ জালন্ধরী বলেন, ৯/১১-পরবর্তী কঠিন সময়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা চাপের মুখে পাকিস্তানের মাদরাসা শিক্ষাব্যবস্থা রক্ষায় উলামায়ে কেরাম, বিশেষ করে বেফাক দুটি গুরুত্বপূর্ণ কৌশল গ্রহণ করেছিলেন। প্রথমত, দেওবন্দি, বেরেলভি, আহলে হাদিস, শিয়া ও জামায়াতে ইসলামীসহ পাঁচটি ভিন্ন চিন্তাধারার মাদরাসা বোর্ডকে একত্র করে ‘ইত্তেহাদ-এ-তানজিমাত-এ-মাদারিস পাকিস্তান’ (আইটিএমপি) গঠন করা হয়। এর ফলে সরকার কোনো একটি বোর্ডকে আলাদাভাবে চাপে ফেলে শিক্ষা ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করতে পারেনি। দ্বিতীয়ত, রাজপথে সংঘাত কিংবা রাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়ে সংলাপ, সমঝোতা ও যুক্তি-প্রমাণের মাধ্যমে সমস্যার সমাধানের পথ বেছে নেওয়া হয়। তিনি বলেন, গত ২৭-২৮ বছর ধরে এ কৌশল কার্যকর ভূমিকা রেখেছে। নানা চাপ সত্ত্বেও পাকিস্তানের মাদরাসাগুলোর পাঠ্যক্রম থেকে একটি লাইনও পরিবর্তন করা সম্ভব হয়নি। বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে মাওলানা হানিফ জালন্ধরী বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মাদরাসা বাংলাদেশ বেফাকের অধীনে থাকায় তিনি সন্তুষ্ট। পাশাপাশি আল-হাইআতুল উলয়ার অধীন অন্য পাঁচটি বোর্ডের সঙ্গেও নিচের জামাতগুলোর পরীক্ষা ও পাঠ্যক্রমে অভিন্নতা আনার পরামর্শ দেন তিনি। জবাবে আল্লামা মাহফুজুল হক জানান, ছয়টি বোর্ডের নিসাব, নেজাম ও মাদরাসা অন্তর্ভুক্তির নীতিমালা অভিন্ন করার কাজ দ্রুত এগিয়ে চলছে। সভায় বাংলাদেশের দাওরায়ে হাদিসের সরকারি সনদের কার্যকর প্রয়োগ না থাকার বিষয়টিও আলোচনায় আসে। এ প্রসঙ্গে পাকিস্তানের অভিজ্ঞতা তুলে ধরে মাওলানা হানিফ জালন্ধরী বলেন, ১৯৮১-৮২ সালে পাকিস্তানে ‘শাহাদাতুল আলামিয়া’ সনদকে এমএ আরবি ও ইসলামিক স্টাডিজের সমমান দেওয়া হয়। সরকারি বিভিন্ন দপ্তরে প্রতিবন্ধকতা থাকলেও আইনি লড়াই, শিক্ষা মন্ত্রণালয় ও সংসদের মাধ্যমে এ স্বীকৃতি আদায় করতে হয়েছে। তিনি জানান, পাকিস্তানে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট ও বিএ পর্যায়ে ইংরেজি, বিজ্ঞান ও গণিতের মতো দুই-তিনটি বিষয়ে পরীক্ষা দিয়ে নিয়মিত সরকারি সনদ নেওয়ার সুযোগও চালু করা হয়েছে। বাংলাদেশেও এ ধরনের শর্তসাপেক্ষ সমাধানের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে তিনি মত দেন। এ ছাড়া হিফজ ও প্রাথমিক (ইবতেদায়িয়্যাহ) শিক্ষার সমন্বয়ে তিনটি নতুন নিসাব প্রণয়ন, মুফতি তকী উসমানীর তত্ত্বাবধানে অষ্টম শ্রেণি পর্যন্ত আধুনিক বিষয় সংযুক্ত করে পাঠ্যবই তৈরি এবং শিক্ষকদের জন্য জোনভিত্তিক ‘তাদরিবুল মুআল্লিমিন’ বা শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। আধুনিক বিষয় সংযুক্তির উদাহরণ হিসেবে গণিতের মধ্যে মিরাসসংক্রান্ত মাসআলা অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেন। শিক্ষক প্রশিক্ষণে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি না দেওয়ার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানান তিনি। তবে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় দ্বীনি শিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মাওলানা হানিফ জালন্ধরী। এ বিষয়ে কওমি মাদরাসাগুলোর দায়িত্বশীলদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। সভায় বাংলাদেশ বেফাকের সহ-সভাপতি মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা শওকত হোসাইন ও মুফতি নেয়ামতুল্লাহ ফরিদী; সহ-মহাসচিব মুফতি কেফায়াতুল্লাহ আজহারী; সিনিয়র সহকারী মহাপরিচালক মাওলানা মোহাম্মদ জুবায়ের ও সহকারী মহাপরিচালক মাওলানা ইসমাইল; পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হাসান রশিদ; কোষাধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি মিজানুর রহমান সাঈদ, আল-হাইআতুল উলয়ার জিম্মাদার মাওলানা ওয়াসিউর রহমান ও নায়েবে নাযিমে ইমতিহান মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফেজ মাহবুবুল হক, শিক্ষাবিদ ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী, মাওলানা বখতিয়ার হোসাইন, মাওলানা আখতারুজ্জামান এবং মুফতি মনসুরুল হক প্রমুখ। আল্লামা সাজিদুর রহমানের সমাপনী বক্তব্য এবং মাওলানা হানিফ জালন্ধরীর দোয়ার মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। এসএইচ/ |