
|
মুফতি রুহুল আমিনের মুক্তি চেয়ে সরকারের প্রতি পীর সাহেব দেওনার আহ্বান
প্রকাশ:
২৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫৫ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড বাতিল করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)। একই সঙ্গে তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান দেওনার পীর। বিবৃতিতে আল্লামা শামছুল হক ফরিদপুরী (সদর সাহেব রহ.)-এর দ্বীনি ও জাতীয় অবদানের কথা তুলে ধরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন, ইসলামি শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির বিকাশ এবং ভঙ্গুর অবস্থা থেকে জাতিকে পুনর্গঠনে সদর সাহেবের অবদান ইতিহাসে বিরল। তিনি ছিলেন ইসলামি রেনেসাঁর অগ্রদূত ও মুজাহিদে মিল্লাত। রাজধানীর বড়কাটারা মাদরাসা, লালবাগ জামিয়া কুরআনিয়া, ফরিদাবাদ মাদরাসা ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসাসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। দাওয়াত ও তাবলিগের মারকাজ প্রতিষ্ঠা এবং বাংলাদেশে তাবলিগ জামাতের কাজের সূচনাসহ দ্বীনের প্রায় সব অঙ্গনেই তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি বলেন, পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের আমলে ইসলামবিরোধী আইনের বিরুদ্ধে সদর সাহেব অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন। তারই সুযোগ্য সন্তান প্রখ্যাত আলেম মুফতি রুহুল আমিন দেশের আলেম সমাজের পরামর্শে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব গ্রহণ করেন। মুফতি রুহুল আমিনের সাম্প্রতিক অবস্থান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করেননি। এরপর থেকে বাবার প্রতিষ্ঠিত গওহরডাঙ্গা মাদরাসায় অধ্যক্ষ ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের সদস্য হিসেবে নিয়মিত বৈঠকেও অংশ নিয়েছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। দেওনার পীর সাহেব বলেন, মুফতি রুহুল আমিন অতীতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, এখনো নেই। সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত রাজনৈতিক সহিংসতার পর তাকে পুরোনো একটি মিথ্যা মামলায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ওই সহিংসতার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দেশবাসী মনে করেন। মুফতি রুহুল আমিনের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তিনি হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত। সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হয় তাকে। এ অবস্থায় রিমান্ডে থাকায় তার নিয়মিত চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। বিবৃতির শেষাংশে মুফতি রুহুল আমিনের রিমান্ড বাতিল করে দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। পাশাপাশি দেশের সব মসজিদ-মাদরাসায় খতমে ইউনুস ও খতমে খাজেগানের আয়োজন করে তার মুক্তি, সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। আইও/ |