বাবার প্রিয় ছাত্র পীর সাহেব চরমোনাইয়ের অবদান স্মরণ করলেন ইবনে শায়খুল হাদিস
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মরহুম পীর সাহেব চরমোনাই হজরত সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ.-এর দীনি খেদমত, ইসলামি রাজনীতিতে অবদান এবং কওমি মাদরাসার স্বীকৃতি আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন। ২০০৬ সালের ২৫ নভেম্বর পীর সাহেব চরমোনাইয়ের ইন্তেকালের দিন উল্লেখ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার জন্য দোয়া করেন মাওলানা মামুনুল হক।

পোস্টে তিনি লিখেছেন, পীর সাহেব চরমোনাই রহ. ছিলেন দেশের দীনি অঙ্গন ও ইসলামি রাজনীতির সুপরিচিত ব্যক্তিত্ব। ১৯৩৫ সালে বরিশালের চরমোনাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে পিতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক রহ.-এর কাছে দীনি শিক্ষার হাতেখড়ি হয় তার। পরে ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগে পড়াশোনা করে ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তার শিক্ষকদের মধ্যে ছিলেন মাওলানা মামুনুল হকের বাবা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.। পীর সাহেব চরমোনাই রহ. শায়খুল হাদিসের গুরুত্বপূর্ণ ছাত্রদের একজন ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

মাওলানা মামুনুল হক জানান, দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর চরমোনাই মাদরাসায় হাদিসের দরসদানের মাধ্যমে পীর সাহেব চরমোনাই রহ.-এর কর্মজীবন শুরু হয়। দীর্ঘদিন তিনি সেখানে হাদিসের খেদমত করেন। দীনি শিক্ষা, আধ্যাত্মিক সাধনা ও ইসলামি আদর্শের প্রতি গভীর দায়িত্ববোধ থেকে জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেকে দীনি কার্যক্রমে নিয়োজিত রেখেছিলেন তিনি।

ইসলামি রাজনীতিতে তার অবদানের কথা তুলে ধরে মাওলানা মামুনুল হক বলেন, ১৯৮৭ সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার উদ্যোগে পীর সাহেব চরমোনাই রহ. গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে সংগঠনটি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিতি লাভ করে। ইসলামি আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তার রাজনৈতিক পথচলা দেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।

কওমি মাদরাসার সরকারি স্বীকৃতির দাবিতে আন্দোলনেও পীর সাহেব চরমোনাই রহ.-এর ভূমিকার কথা স্মরণ করেন তিনি। মাওলানা মামুনুল হক বলেন, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর নেতৃত্বে কওমি শিক্ষার স্বীকৃতির দাবিতে গড়ে ওঠা আন্দোলনে পীর সাহেব চরমোনাই সক্রিয়ভাবে অংশ নেন। ২০০৫ সালে পল্টন ময়দানে কওমি মাদরাসা জাতীয় ছাত্র কনভেনশন এবং পরবর্তী সময়ে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচিতেও তিনি শায়খুল হাদিস রহ.-এর পাশে ছিলেন। দীনি শিক্ষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামে তার অংশগ্রহণ আন্তরিকতা ও ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

পোস্টের শেষাংশে পীর সাহেব চরমোনাই রহ.-এর জন্য দোয়া করে মাওলানা মামুনুল হক লেখেন, আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন, তার দীনি খেদমতগুলো কবুল করুন, কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।

এসএইচ/