
|
দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলন
প্রকাশ:
২৫ নভেম্বর, ২০২৬, ০৬:২৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কান্না, রোনাজারি ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানীর আখেরি নসিহত ও দোয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এ আয়োজনের। ২৩ নভেম্বর শুরু হওয়া এ মহাসম্মেলনে অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল, জেলা শহর এবং বিদেশ থেকে ছুটে আসেন জামিয়ার ২০ হাজারের বেশি ফুজালা ও আবনা। তিন দিনজুড়ে উলামা-মাশায়েখ, তলাবা ও ধর্মপ্রাণ মানুষের পদচারণায় মুখর ছিল ধূপখোলা মাঠ। সম্মেলনের শেষ দিনেও সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। দীর্ঘদিন পর একসঙ্গে শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও দেশ-বিদেশের আলেমদের মিলনমেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সম্মেলনের মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানান, তিন দিনে প্রায় ২০ হাজার ফুজালাকে সম্মাননা পাগড়ি পরানো হয়েছে। এ আয়োজনে বাবা-ছেলে, দাদা-নাতি, নানা-নাতি, শিক্ষক-শিক্ষার্থী, মুহতামিম, শাইখুল হাদিস ও প্রবীণ আলেমদের একসঙ্গে পাগড়ি গ্রহণের দৃশ্য ছিল বিশেষ আবেগের। তার ভাষায়, এ আনন্দ ও অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সম্মেলনের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় নিয়মতান্ত্রিক কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। শেষ দিনের আলোচনায় দাম্পত্য জীবনে ভারসাম্য, আলেমদের দায়িত্ব ও পারিবারিক বাস্তবতা, দ্বীনের দাওয়াতে উলামা-তলাবার করণীয়, দেশের কল্যাণে কওমি মাদরাসার ইতিহাস-ঐতিহ্য ও অবদান এবং তাকমিল সমাপনীকে পড়াশোনার শেষ নয়, বরং নতুন অধ্যায়ের শুরু হিসেবে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের শৃঙ্খলা, উন্নতি ও সমৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এসব বিষয়ে আলোচনা করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইউনুস, মাওলানা জিকরুল্লাহ খান ও মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ, বিশিষ্ট মুনাজির মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীসহ দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেমরা। তিন দিনের এ আয়োজনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’। সংগঠনটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মুফতি ইমাদুদ্দীন বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্মানসূচক পাগড়ি পরিয়েছেন। সেই অনুসরণেই দস্তারে ফজিলতের এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি ৭০ বছরে জামিয়ার লাখ লাখ ফুজালা ও আবনা ছড়িয়ে পড়েছেন দেশ-বিদেশের নানা প্রান্তে। এ সম্মেলনের মাধ্যমে তাদের একত্র করা, পারস্পরিক পরিচয় ও যোগাযোগ বাড়ানো এবং জামিয়ার অবদান দেশবাসীর সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও ফুজালা ও আবনাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে তানযীম। তাদের কেউ গুরুতর অসুস্থ হলে কিংবা বড় ধরনের ক্ষতির মুখে পড়লে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে। দেশের দুর্যোগ, বন্যা ও সংকটের সময় বিপদগ্রস্ত মানুষের সহায়তায়ও কাজ করবে সংগঠনটি। এ ছাড়া শিরক, বিদআত, কুসংস্কার ও ফিতনা দূরীকরণে ভূমিকা রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে জেলায় জেলায় মাহফিল ও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের অন্যতম সমন্বয়ক মাওলানা মানযুর হাসান জুবায়ের বলেন, আল্লাহ তাআলার সাহায্য, বড়দের দোয়া, ইখলাস, উৎসাহ ও সহযোগিতার ফল এ ৭০ সালা মহাসম্মেলন। ফুজালা ও আবনাদের আন্তরিক প্রচেষ্টাও আয়োজন সফল করতে বড় ভূমিকা রেখেছে। তারা নিয়মিত খোঁজখবর নিয়েছেন, জামিয়ায় সশরীরে উপস্থিত হয়েছেন এবং প্রয়োজনে বিভিন্ন জেলায় সফর করেছেন। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সম্মেলনের সংবাদ প্রকাশে সহযোগিতার জন্য গণমাধ্যমগুলোকেও ধন্যবাদ জানান। সম্মেলনের প্রথম দুই দিনে প্রায় আট হাজার ফুজালাকে সম্মাননা পাগড়ি পরানো হয়। বাকি ফুজালাদের পাগড়ি পরানো হয় শেষ দিনে। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী। তার দোয়া ও আখেরি নসিহতের মধ্য দিয়ে পর্দা নামে জামিয়া ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ মহাসম্মেলনের। এসএইচ/ |