বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:০৬ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকির বক্তব্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এ ঘটনায় ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশটির হাইকমিশনারকে তলব করে বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়; বরং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো বিদেশি রাষ্ট্রের করুণা বা অনুকম্পায় স্বাধীনতা অর্জন করেনি। লাখো শহীদের রক্ত, অসংখ্য মা-বোনের আত্মত্যাগ এবং দীর্ঘ মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় এ দেশের মানুষ সব সময় ঐক্যবদ্ধ ও আপসহীন।

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার স্বপ্ন দেখা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ কোনো করদ রাজ্য বা আশ্রিত ভূখণ্ড নয়; অন্য কোনো রাষ্ট্রের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রও নয়। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, দিল্লি কিংবা অন্য কোনো দেশের রাজনৈতিক নেতা বা ক্ষমতাধর গোষ্ঠী নয়। ১৬ ডিসেম্বর বিজয়ের গৌরবোজ্জ্বল দিন। এ দিনকে সামনে রেখে বাংলাদেশ দখলের হুমকি দেওয়া ১৮ কোটি মানুষের জাতীয় আত্মমর্যাদার ওপর চরম আঘাত।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি, সামরিক আগ্রাসনের উসকানি ও আধিপত্যবাদী মনোভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশকে ‘গাজা স্টাইলে’ শিক্ষা দেওয়ার বক্তব্য এবং অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি একই ধরনের বিপজ্জনক রাজনৈতিক প্রবণতার বহিঃপ্রকাশ। প্রতিবেশী একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্যকে বিচ্ছিন্ন রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই। এসব বক্তব্য আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

ভারতের ভূরাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্ব উপেক্ষা করে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রেও বাংলাদেশের ভূখণ্ড ও সহযোগিতার বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলাদেশের সহযোগিতা ও ভৌগোলিক বাস্তবতাকে পাশ কাটিয়ে ভারতের আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তার স্বার্থও পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। প্রতিবেশী সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে। তাই বাংলাদেশকে চোখ রাঙানোর আগে ভারতের আধিপত্যবাদী রাজনীতিকদের নিজেদের ভূরাজনৈতিক বাস্তবতা উপলব্ধি করা উচিত।

বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠাতে হবে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে বক্তব্যের ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের হুমকি বন্ধের নিশ্চয়তা চাইতে হবে। পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য হুমকির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তুলে ধরতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে এ দেশের মানুষকে ভীত করা যাবে না। দেশের এক ইঞ্চি ভূখণ্ডের ওপরও কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা জনগণ বরদাশত করবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে গোটা জাতি ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।

এসএইচ/