মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন 
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের জীবনকর্ম সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাদের অবদান তুলে ধরার প্রয়াসে প্রকাশিত হয়েছে ‘শায়খুল হাদীস মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কৃতি’ গ্রন্থ।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

দুপুর ২টা ৩০ মিনিটে মাওলানা আব্দুল গনী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম, লেখক, গবেষক ও বইপ্রেমীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থটির রচয়িতা ও মাওলানা আব্দুল গনী রহ. ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ তাক্বী। সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম, কলামিস্ট ও লেখক মাওলানা রুহুল আমীন খান উজানবী। স্বাগত বক্তব্য দেন স্মারক সম্পাদক মাওলানা মুআয নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী।

অনুষ্ঠানে বক্তব্য ও বয়ান পেশ করেন মুফতী হিফজুর রহমান, মাওলানা ড. মুশতাক আহমদ, মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, মুফতী বশিরুল্লাহ, ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণখান দারুল উলূম মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শিব্বির আহমাদ, ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমাদ উদ্দিন, জামিয়া রব্বানিয়ার সাবেক সিনিয়র মুহাদ্দিস ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুফতী আবদুল আজিজ, মাওলানা লিয়াকত হোসাইন, মুফতি কামরুজ্জামান কাউসার, ‘আকাবিরে বাংলাদেশ’-এর সংকলক, লেখক ও গবেষক মুফতী ইমরান হোসাইন, মাওলানা ফয়জুল্লাহ জীবনপুরী, মুফতী যোবায়ের আহমাদ বিন আবুল বাশার এবং মানিকনগর জহির উদ্দিন মাদরাসার সহ-সভাপতি আলহাজ রফিক উল্লাহ ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন মতিঝিল ব্যাংক কলোনী মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, মুফতি তামিম মাজহার, হাফেজ আতাউল্লাহ, হাফেজ মাসউদ এবং শাহাবুদ্দিন আছিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমেদুল কবির জাকিরসহ দেশবরেণ্য বহু আলেম-ওলামা ও সুধীজন।

বক্তারা বলেন, মনীষীদের জীবন ও কর্ম কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ রাখার বিষয় নয়; বরং তাদের আদর্শ, ইলমি অবদান ও দ্বীনি খেদমত পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস। এ ধরনের গ্রন্থ প্রকাশের মাধ্যমে মনীষীদের জীবনাদর্শ সংরক্ষিত হয় এবং নতুন প্রজন্ম তাদের অবদান সম্পর্কে জানার সুযোগ পায়।

তারা আরও বলেন, শায়খুল হাদীস মাওলানা আব্দুল গনী রহ. ছিলেন দ্বীনি অঙ্গনের একজন প্রখ্যাত মনীষী। তার জীবন, শিক্ষা, আদর্শ ও অবদান নিয়ে প্রকাশিত এ গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার কর্মময় জীবন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। মাওলানা আব্দুল গনী রহ. ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত বইটি পাঠকসমাজে সমাদৃত হবে এবং দ্বীনি জ্ঞানচর্চা ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এসএইচ/