মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবস্থিত জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা আগামী ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা বয়ান পেশ করবেন।

উপজেলার রাজানগর এলাকায় অবস্থিত মাদরাসাটির এ ইসলাহি ইজতেমায় সভাপতিত্ব করবেন জামিয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী জানান, এবারের ইজতেমায় পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরাম অংশ নেবেন।

আমন্ত্রিত আলোচকদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের আল্লামা উবায়দুল্লাহ খালিদ ও আল্লামা ফয়সাল নাদিম শাহ, ভারতের আল্লামা হাসান আসজাদ মাদানী, সাবেক ধর্ম উপদেষ্টা আল্লামা এ এফ এম খালিদ হোসেন, ফরিদাবাদ মাদরাসার মুফতি আবু সাঈদ, ঢালকানগরের মুফতি আব্দুল গাফফার, নারায়ণগঞ্জ ডিআইটির মাওলানা আব্দুল আউয়াল, ঢাকার মুহাম্মদপুরের মুফতি মানসুরুল হক, আকবর কমপ্লেক্সের মুফতি দেলাওয়ার হোসাইন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার আরও বিশিষ্ট ওলামায়ে কেরাম ইজতেমায় ইসলাহি বয়ান পেশ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

ইজতেমায় দ্বীনি আলোচনা, ইসলাহি বয়ান ও নসিহতের পাশাপাশি মুসল্লিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের দলবদ্ধভাবে অংশগ্রহণ করে ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা সফল করার আহ্বান জানানো হয়েছে।

এসএইচ/