ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায়
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

​মাওলানা উবায়দুল্লাহ ফারুক

​১৯৭৭ সালে আমি ফরিদাবাদ মাদরাসায় শিক্ষকতা শুরু করি। সেখানে প্রায় পাঁচ বছর শিক্ষকতার সুযোগ হয়েছিল। সেই সময়ের ফরিদাবাদ মাদরাসার কথা মনে হলে আজও এক সমৃদ্ধ ইলমী পরিবেশের ছবি চোখের সামনে ভেসে ওঠে।​ তখন মুহতামিম ছিলেন মাওলানা ইসমাইল রহ. (মুমিনবাড়ি, চাঁদপুর), নায়েবে মুহতামিম ছিলেন মাওলানা ফজলুর রহমান (রায়পুরা, নরসিংদী)। শাইখুল হাদীস ছিলেন মাওলানা আবদুল হাফীজ রহ.। নাজেমে তালিমাত ও শাইখে সানী হিসেবে দায়িত্ব পালন করতেন কুমিল্লার মাওলানা আশরাফ আলী রহ.।

​সে সময় ফরিদাবাদ মাদরাসায় দেশের খ্যাতিমান আলেমদের এক অসাধারণ শিক্ষক প্যানেল ছিল। তাঁদের মধ্যে ছিলেন মাওলানা বশীর আহমদ (কুমিল্লা), মাওলানা হাসসান, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা আলী আহমদ, মুফতি গোলাম মোস্তফা রহ.। জীবিতদের মাঝে আছেন মুফতী আবদুল হান্নান লন্ডন, মাওলানা সুলাইমান নোমানী আরও অনেক বরেণ্য আলেম। এক প্রতিষ্ঠানে এতসংখ্যক যোগ্য ও অভিজ্ঞ আলেমের সমাবেশ সত্যিই ছিল বিরল সৌভাগ্যের বিষয়। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সে সময় ফরিদাবাদ মাদরাসার শিক্ষার মান দেশের শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছেছিল।

​বেফাকের প্রতিষ্ঠাকালীন দিনগুলো

​তখনই কওমী মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড হিসেবে ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হয়। সে সময় ফরিদাবাদ মাদরাসাই ছিল বেফাকের কেন্দ্রীয় দপ্তর। পটিয়ার হাজী ইউনুস রহ. ছিলেন এর সভাপতি এবং মাওলানা আবদুল জব্বার রহ. ছিলেন সেক্রেটারি। মাওলানা আশরাফ আলী রহ. ছিলেন নাজেমে ইমতিহান।

​প্রতিষ্ঠাকাল থেকেই বেফাকের কার্যক্রম এগিয়ে নিতে ফরিদাবাদ মাদরাসার শিক্ষকরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। পরীক্ষার আয়োজন থেকে শুরু করে প্রশ্নপত্র প্রণয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজে আমরা সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। মাওলানা আশরাফ আলী, মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতী আবদুল হান্নান, মাওলানা সুলাইমান নোমানী, মুফতী গোলাম মোস্তফাসহ আমরা অনেকেই রাত জেগে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করাসহ নানা কাজে অংশ নিতাম। এভাবে কয়েক বছর ফরিদাবাদের শিক্ষকরাই বেফাকের পরীক্ষা পরিচালনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন।

​বেফাকের প্রথম কেন্দ্রীয় পরীক্ষায় ফরিদাবাদ মাদরাসার দাওরায়ে হাদীসের ছাত্র (মাওলানা) হিফজুর রহমান সারা দেশে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষায় ফরিদাবাদেরই ছাত্র মাওলানা মতিউর রহমান সারা দেশে প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি ফরিদাবাদ মাদরাসায় নায়েবে মুহতামিম হিসেবে কর্মরত আছেন। পরপর দুই কেন্দ্রীয় পরীক্ষায় ফরিদাবাদের ছাত্রদের এই কৃতিত্ব সে সময়কার মাদরাসার শিক্ষার মান এবং শিক্ষক-শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার উজ্জ্বল পরিচয় বহন করে।

প্রথম কাতারে নামায আদায়ের প্রতিযোগিতা

ফরিদাবাদ মাদরাসার শিক্ষার পরিবেশের পাশাপাশি ছাত্রদের আমলী জীবনও ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। মসজিদের প্রথম কাতারে জায়গা পাওয়ার জন্য ছাত্রদের মধ্যে একধরনের প্রতিযোগিতা চলত। এমন দৃশ্য আমি অন্য কোনো মাদরাসায় দেখেছি বলে মনে পড়ে না। ছাত্রদের মধ্যে নামাযের প্রতি এই আগ্রহ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সবচেয়ে বেশি মেহনত করেছিলেন মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.।

‘মাসিক নেয়ামত’ ও ইতিহাসচর্চার উদ্যোগ

ফরিদাবাদ মাদরাসার স্বাতন্ত্র্য কেবল পাঠদান ও আমলী পরিবেশেই সীমাবদ্ধ ছিল না। ছাত্রদের জ্ঞানচর্চা, চিন্তার বিকাশ এবং ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলার ক্ষেত্রেও ছিল নানা ব্যতিক্রমী উদ্যোগ।

সে সময় মাদরাসা থেকে ‘মাসিক নেয়ামত’ নামে একটি পত্রিকা প্রকাশিত হতো। আমার জানামতে, সে যুগে কোনো কওমী মাদরাসা থেকে নিয়মিত মাসিক পত্রিকা প্রকাশের উদ্যোগ ছিল বেশ বিরল। পত্রিকাটির তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুরের অধ্যাপক মৌলভী আবদুর রাজ্জাক রহ.।

১৪০০ হিজরির সূচনালগ্নে ফরিদাবাদ মাদরাসায় ইসলামের চৌদ্দশত বছরের সোনালী ইতিহাস ও ঐতিহ্য ছাত্রদের সামনে তুলে ধরার জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে ইতিহাস নিয়ে আলোচনা করা হত।

এ উদ্যোগের অংশ হিসেবে আমি ইসলামের চৌদ্দশত বছরের ইতিহাসের উল্লেখযোগ্য আকাবির ও আজিল্লা, বিভিন্ন শতাব্দীর ধারাবাহিকতায় খেলাফতের ইতিহাস এবং মুসলিম শাসনামলের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ নিয়ে বেশ কিছু নকশা তৈরি করেছিলাম। বিশেষভাবে খুলাফায়ে রাশেদিন, উমাইয়া, আব্বাসীয় ও উসমানি খেলাফত এবং ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসক ও বাদশাহদের ইতিহাস এসব নকশায় তুলে ধরা হয়েছিল। মাদরাসার বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে নকশাগুলো প্রদর্শন করা হতো। এভাবে ছাত্রদের সামনে ইসলামের ইতিহাস, মুসলিম মনীষীদের অবদান এবং মুসলিম শাসনব্যবস্থার ধারাবাহিক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।

‘লাজনাতুত তলাবা’ ও দেওবন্দের চেতনা

পরবর্তী সময়ে ছাত্রদের নিয়ে ‘লাজনাতুত তলাবা’ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়। এর মূল লক্ষ্য ছিল ছাত্রদের মধ্যে দারুল উলূম দেওবন্দের আদর্শ ও চেতনা, ইসলামের ইতিহাস এবং মুসলিম উম্মাহর গৌরবময় ঐতিহ্য তুলে ধরা। সংগঠনটি ছাত্রদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছিল।

আমার জানামতে, বাংলাদেশের কওমী অঙ্গনে নতুন প্রজন্মের সামনে দারুল উলূম দেওবন্দের পরিচিতি, ইতিহাস ও অবদান তুলে ধরার ক্ষেত্রে ফরিদাবাদ মাদরাসার উদ্যোগ ছিল একেবারেই প্রথম দিকের উল্লেখযোগ্য প্রচেষ্টাগুলোর একটি। 

সব মিলিয়ে সে সময় ফরিদাবাদ মাদরাসায় ইলম, আমল, ইতিহাসচর্চা, সাংগঠনিক কর্মকাণ্ড ও মননশীলতার এক চমৎকার সমন্বয় ঘটেছিল। শিক্ষকমণ্ডলী থেকে শুরু করে ছাত্রদের সামগ্রিক পরিবেশ-সবকিছুতেই ছিল স্বাতন্ত্র্য। সত্যি বলতে, তৎকালে ফরিদাবাদ মাদরাসায় এক অসাধারণ ইলমী, ফিকরী ও সচেতনতার পরিবেশ গড়ে ওঠেছিল। 

৭০ সালা দস্তারবন্দী মাহফিল: আনন্দ ও প্রত্যাশা 

ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত ও আশাবাদী। দীর্ঘ পথপরিক্রমায় এই প্রতিষ্ঠান দ্বীনি ইলমের যে খেদমত আঞ্জাম দিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দুআ করি, তিনি যেন প্রতিষ্ঠানটিকে আরও উন্নতি ও অগ্রগতি দান করেন এবং এর দ্বীনি খেদমতকে বিশ্বব্যাপী বিস্তৃত করেন। 

বিশেষভাবে দুআ করি, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের বিশুদ্ধ আকীদা, ইলমী তাহকিক ও গবেষণার ক্ষেত্রে আরও ব্যাপক খেদমত আঞ্জাম দেওয়ার তাওফিক দান করুন। 

৭০ সালা মাহফিল সফল করতে মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুছ সাহেবসহ শিক্ষক ও শিক্ষার্থীরা যে আন্তরিক মেহনত ও অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা তাঁদের এই প্রচেষ্টা কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। 

এ মাহফিল উপলক্ষে দেশ-বিদেশের বহু আলেম-উলামা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও পুরোনো সাথীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সাধারণ মানুষও এই আয়োজনের মাধ্যমে ফরিদাবাদ মাদরাসার দীর্ঘ ঐতিহ্য, দ্বীনি অবদান ও শিক্ষা-সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। আমার বিশ্বাস, এই আয়োজন অতীতের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যতের পথচলায়ও নতুন প্রেরণা জোগাবে। 

লেখক: বরেণ্য শাইখুল হাদীস ও সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

আইও/