
|
৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী
প্রকাশ:
২২ নভেম্বর, ২০২৬, ০৪:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক নিজ ভূমি থেকে উচ্ছেদের ৭৮ বছর পরও শেষ হয়নি এক ফিলিস্তিনি পরিবারের বাস্তুচ্যুতির যন্ত্রণা। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় বেরশেবা থেকে পালিয়ে মিসরে আশ্রয় নিয়েছিলেন ৯০ বছর বয়সী শাম্মা আবু হুসেইন। এরপর কেটে গেছে কয়েক দশক। মিসরেই জন্ম নিয়েছে তার সন্তান, নাতি-নাতনি ও পরবর্তী প্রজন্ম। অথচ তিন প্রজন্ম পেরিয়েও তাদের পরিচয় ‘বিদেশি’। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা পেতে প্রতিনিয়ত লড়তে হচ্ছে তাদের। ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির সেই ভয়াবহ অধ্যায় ইতিহাসে ‘নাকবা’ বা মহাবিপর্যয় নামে পরিচিত। সেই নাকবার প্রত্যক্ষ সাক্ষী আবু হুসেইনের আশঙ্কা, গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের পক্ষে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের কারণে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে। সম্প্রতি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উঠে এসেছে মিসরে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের কয়েক প্রজন্মের বঞ্চনা, অনিশ্চয়তা ও নিজ ভূমিতে ফেরার আকুতির কথা। প্রতিবেদন অনুযায়ী, মিসরের রাজধানী কায়রো থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে উত্তর-পূর্বাঞ্চলীয় শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রামে বসবাস করেন আবু হুসেইন। মাঠ ও সেচ খালের মাঝখানে অবস্থিত নিচু ইটের একটি বাড়িতে বসে তিনি স্মরণ করেন ১৯৪৮ সালের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। তখন তার বয়স ছিল খুবই কম। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়লে দক্ষিণ ফিলিস্তিনের বেরশেবা থেকে তাদের পরিবার পালাতে বাধ্য হয়। এক সন্ধ্যায় আকাশজুড়ে আগুনের শিখা দেখা যাচ্ছিল। পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের দ্রুত উটের পিঠে তুলে মরুভূমির দিকে যাত্রা করেন। খাবার ও পানি ছাড়াই কয়েক দিন হেঁটে তারা মিসরে পৌঁছান। এই দীর্ঘ যাত্রায় হারিয়ে যায় তার মা। ৯০ বছর বয়সী আবু হুসেইন এএফপিকে বলেন, ‘আমার জীবনে কী দুর্ভোগ পোহাতে হয়েছে, তা আজও মনে আছে।’ বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এত কষ্ট সহ্য করার পরও এখন তারা ফিলিস্তিনিদের নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতে চায়।’ প্রজন্ম পেরিয়েও বিদেশি পরিচয় যে বসতিতে আশ্রয় নিয়েছিলেন আবু হুসেইনের পরিবার, সময়ের ব্যবধানে সেটিই এখন প্রায় চার হাজার ফিলিস্তিনির জনপদে পরিণত হয়েছে। এখানকার অনেকের জন্ম ও বেড়ে ওঠা মিসরেই। তাদের সন্তান ও নাতি-নাতনিদেরও জন্ম এই দেশে। কিন্তু দীর্ঘদিন বসবাস করেও মিসরের নাগরিক হিসেবে স্বীকৃতি মেলেনি তাদের। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে তাদের প্রতিনিয়ত আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়তে হয়। ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সালমি সোলাইমান আল-নামুলি ১০ সন্তানের জনক। তার ভাষায়, ‘আমার জন্ম মিসরে। আমার বাবার জন্মও মিসরে। আমার সন্তানদের জন্মও এখানে। কিন্তু কাগজপত্রের বিষয় এলে আমাকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়।’ তিনি জানান, বসবাসের অনুমতিপত্র নবায়ন, স্কুলের বেতন এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় তার পরিবারের ওপর বড় চাপ তৈরি করেছে। ডলারে পরিশোধ করতে হয় এমন অনুমতিপত্র নবায়নের খরচ ও শিক্ষাব্যয় সামলাতে গিয়ে মেধাবী মেয়ে আসমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য হারিয়েছেন তিনি। একই বাস্তবতার শিকার তার ২৫ বছর বয়সী ভাতিজা ফারিদ খালেদ আল-নামুলি। মাধ্যমিকের আগের স্তরে পড়ার সময় থেকেই উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু কাগজপত্রের জটিলতায় বারবার বাধার মুখে পড়েন। শেষ পর্যন্ত পড়াশোনা ছেড়ে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ শুরু করেন। চলমান নাকবার শিকার ফিলিস্তিনিরা ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের কর্মকর্তা লুবনা শোমালি বলেন, নামুলি পরিবারের অভিজ্ঞতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। মিসরজুড়েই ফিলিস্তিনিরা একই ধরনের বঞ্চনা ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। গবেষকদের ধারণা, গাজায় সাম্প্রতিক যুদ্ধ শুরুর আগে বিভিন্ন সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। যুদ্ধ শুরুর পর আরও এক লাখের বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর হিসাবে, জর্ডান, সিরিয়া ও লেবাননে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। লুবনা শোমালির মতে, গাজা যুদ্ধ নতুন করে আরেকটি নাকবার আশঙ্কা তৈরি করলেও ফিলিস্তিনিরা বাস্তবে দীর্ঘদিন ধরেই চলমান নাকবার মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি বোঝাতে সবচেয়ে যথাযথ শব্দ হলো চলমান নাকবা। কারণ, তাদের বাস্তুচ্যুত হওয়ার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।’ তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা এমন এক চাপ ও অনিশ্চয়তার মধ্যে আটকে রয়েছেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার পাওয়ার সুযোগ সীমিত। মিসরের কর্মকর্তারা অবশ্য বারবার বলেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে দেশটি। একই সঙ্গে তাদের নিজ ভূমি থেকে স্থায়ীভাবে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে আসছে মিসর। এসএইচ/ |