মুফতি তাকী উসমানীর সফর নিয়ে নতুন সম্ভাবনা!
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬, ০৩:৪১ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব  প্রতিবেদক

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর। তবে সরকারি অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় তার সফর। এ অবস্থায় আগামী শুক্রবার এক দিনের জন্য হলেও তাকে বাংলাদেশে পাওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সফর সমন্বয়ক শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সম্ভাবনার কথা জানান।

মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, মুফতি মুহাম্মদ তাকী উসমানী হাফিজাহুল্লাহর আজকের ফ্লাইট বাতিল হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার মধ্যরাতের আগে করাচি থেকে ঢাকায় আসার আর কোনো ফ্লাইট নেই। সরকার অনুমোদন দিলে আগামী শুক্রবারের ফ্লাইটে তার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনা খুবই সামান্য।

তিনি বলেন, মুফতি তাকী উসমানীর পরবর্তী কর্মসূচি মালয়েশিয়ায় নির্ধারিত রয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তার পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। ফলে সফরের সময়সূচি পরিবর্তন করাও কঠিন।

মুফতি মিযানুর রহমান সাঈদ আরও বলেন, সুযোগ হলে এবং মুফতি তাকী উসমানী হাফিজাহুল্লাহর শারীরিক অবস্থা ভালো থাকলে আগামী শুক্রবার এক দিনের জন্য হলেও তাকে বাংলাদেশে পাওয়া যেতে পারে।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে তিনি মুফতি তাকী উসমানীর সাক্ষাৎপ্রত্যাশী ও ভক্তদের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসার কথা ছিল মুফতি মুহাম্মদ তাকী উসমানীর। রোববার (২২ নভেম্বর) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা ছিল। সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনায় সরকার তাকে সফরের অনুমতি দেয়নি। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সফরটি ঝুঁকিপূর্ণ মনে করায় শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।

আইও/