
|
কওমি আলেমদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক: ধর্মমন্ত্রী
প্রকাশ:
২২ নভেম্বর, ২০২৬, ০৯:৪৮ সকাল
নিউজ ডেস্ক |
ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, বাংলাদেশের কওমি আলেমদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। কওমি মাদরাসার ছাত্ররা আমার কলিজার টুকরা। তাদের জন্য যা করা দরকার, আমি করবো। শনিবার (২১ নভেম্বর) মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ৩১তম মারকাজি ইজতেমায় টেলিফোনের মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন। যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই ইজতেমায় সভাপতিত্ব করেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় যাত্রাবাড়ী হজরতের কাছে নিজের অপারগতা পেশ করেন ধর্মমন্ত্রী। টেলিফোন বার্তায় ধর্মমন্ত্রী কওমি মাদরাসার সঙ্গে নিজের গোড়ার সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন, আমার দাদা দেওবন্দের প্রথম সারির ছাত্র ছিলেন। উনি লেখাপড়া শেষ করার পর দেওবন্দেই উনাকে শিক্ষকতার জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু তিনি স্বপ্নে দেখেন, উনার আব্বা বলছেন, ‘যেখানে বাতি নাই, সেখানে গিয়ে বাতি দাও’। তখন তিনি দেওবন্দে শিক্ষকতা না করে মুরাদনগরে এসে মাদরাসা প্রতিষ্ঠা করেন। এখন সেই মাদরাসার বয়স ১৩৫ বছর। ধর্মমন্ত্রী বলেন, যাত্রাবাড়ী মাদরাসার সাথে আমার অন্তরের সম্পর্ক। বিশেষ করে যাত্রাবাড়ী হযরতের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমি কওমি মাদরাসার জন্য যা করা দরকার, আমি করবো। আইও/ |