৯ ও ১৪ মাসে হাফেজ হলো হোসাইন ও ইকরাম
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ সকাল
নিউজ ডেস্ক

চাঁদপুর প্রতিনিধি

পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করা যেকোনো শিক্ষার্থীর জন্যই এক অনন্য অর্জন। সেই কঠিন সাধনায় দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে চাঁদপুরের দুই শিশু শিক্ষার্থী। একজন মাত্র ৯ মাস ১০ দিনে এবং অপরজন ১৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এ কৃতিত্বে পরিবার, শিক্ষক ও মাদরাসাসংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

দ্রুততম সময়ে কোরআন মুখস্থ করা এ দুই শিক্ষার্থী হলো—মোহাম্মদ হোসাইন আহমদ ও মোহাম্মদ ইকরাম প্রধানীয়া। তারা দুজনই চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, মোহাম্মদ হোসাইন আহমদ মাত্র ৯ মাস ১০ দিনের নিরলস অধ্যবসায়ে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছে। অন্যদিকে মোহাম্মদ ইকরাম প্রধানীয়া সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সময় নিয়েছে ১৪ মাস। অল্প বয়সে তাদের এমন অসাধারণ সাফল্য শিক্ষক ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে।

মাদরাসার পরিচালক মাওলানা আল আমিন জানান, কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানে যত্ন, স্নেহ-মমতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ইলম, আমল ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আধুনিক শিক্ষার সমন্বয়ে তাদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

আইও/