
|
মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম
প্রকাশ:
২১ নভেম্বর, ২০২৬, ০৮:২৫ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত ও নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা ও সহায়তার লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি ওয়াহিদুল আলম। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার তুরস্কের ঐতিহাসিক ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অংশ নেবেন সেবামূলক সংগঠন মারকাযুল ঈমান ফাউন্ডেশনের (নিবন্ধন নং: S-15306/2026) চেয়ারম্যান মুফতি ওয়াহিদুল আলম। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় সংগঠন ‘আল-ই'তিলাফুল আলামিয়্যু লি-নুসরাতিল কুদসি ওয়া ফিলাস্তীন’-এর বিশেষ আমন্ত্রণে তিনি সম্মেলনে যোগ দিচ্ছেন। সেখানে তিনি বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, শীর্ষস্থানীয় আলেম, মানবাধিকারকর্মী ও চিন্তাবিদদের অংশগ্রহণের কথা রয়েছে। এতে ফিলিস্তিনসহ বিশ্বের চলমান মানবিক পরিস্থিতি, মানবাধিকার সুরক্ষা, নির্যাতিত ও বিপন্ন জনগোষ্ঠীর অধিকার এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবিক সংহতি জোরদারের বিষয়ে আলোচনা হবে। মুফতি ওয়াহিদুল আলম রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদ আল মাগফিরাহর খতিব এবং জামিয়া ইমাম বুখারীর প্রিন্সিপাল ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত মারকাযুল ঈমান ফাউন্ডেশন দ্বীনি মূল্যবোধের আলোকে মানবিক সেবা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি ভবিষ্যতে বৃহত্তর পরিসরে মানবিক সহায়তা ও মানবাধিকারভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে সংগঠনটির। সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক এ সম্মেলনে মুফতি ওয়াহিদুল আলমের অংশগ্রহণের মধ্য দিয়ে ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার ও চলমান মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময় এবং সংহতি প্রকাশের সুযোগ তৈরি হবে। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ৩ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এসএইচ/ |