মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৫৮ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেছেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে একটি মহল ধারাবাহিকভাবে নোংরা মিথ্যাচার করে যাচ্ছে। স্বনামে কথা বলার সাহস না থাকায় অধিকাংশ ক্ষেত্রে বেনামে ও ছদ্মবেশে এসব প্রচারণা চালানো হয়। সম্প্রতি ফাহিম ফারুকী নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে দলটির বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের মিথ্যাচার দেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও প্রতিযোগিতা থাকতেই পারে। রাজনৈতিক কর্মপন্থায় ভিন্নতার কারণেই বিভিন্ন দলের জন্ম হয়। এ বৈচিত্র্যই রাজনীতির সৌন্দর্য। দলগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তার নামে নোংরা ও ভিত্তিহীন মিথ্যাচার গ্রহণযোগ্য নয়।

শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, মিথ্যাচারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারের ঘটনায় দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ/