দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ০৩:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:

নূরানী শিক্ষকদের পেশাগত পরিচিতি, দক্ষতা উন্নয়ন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী শিক্ষক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে শায়খুল কুরআন ফাউন্ডেশন।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর চৌধুরীপাড়ায় আওয়ার ইসলাম স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ লিখিত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরুর ঘোষণা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শায়খুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন; নূরানী তালীমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস; ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ডের মহাসচিব মাওলানা আশরাফুল ইসলাম এবং আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব। উপস্থিত সকলেই ফাউন্ডেশনের এই কার্যক্রম সফল করতে সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দেন।

লিখিত বক্তব্যে মাওলানা হারুনুর রশিদ বলেন, নূরানী শিক্ষকগণ তাদের পেশাগত পরিচিতি, দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং প্রয়োজনীয় কল্যাণমূলক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের এই বাস্তবতা উপলব্ধি করে শায়খুল কুরআন ফাউন্ডেশন নূরানী শিক্ষকদের জন্য একটি সুসংগঠিত নিবন্ধন কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

লিখিত বক্তব্যে তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেন, আমাদের এই নিবন্ধন কোনো সরকারি শিক্ষক নিবন্ধন কিংবা সরকারি চাকরির যোগ্যতা প্রদানের কার্যক্রম নয়। এটি শায়খুল কুরআন ফাউন্ডেশনের নিজস্ব সাংগঠনিক উদ্যোগ। এর মূল লক্ষ্য হলো—শিক্ষকদের তথ্য সংরক্ষণ, পারস্পরিক সমন্বয়, দক্ষতা উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, শিক্ষকদের একটি সুসংগঠিত কাঠামোর আওতায় নিয়ে আসতে পারলে তাদের সমস্যা চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে তাদের প্রয়োজন ও বাস্তবতার আলোকে কার্যকর প্রশিক্ষণ, সহযোগিতা ও সেবামূলক কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে।

তিনি এই উদ্যোগের পেছনে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। সেগুলো হলো—

প্রথমত, নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি। এর মাধ্যমে কোন শিক্ষক কোথায় কর্মরত, তার শিক্ষাগত যোগ্যতা কী, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কতটুকু—এসব তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।

দ্বিতীয়ত, নূরানী শিক্ষকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। যার মাধ্যমে একজন শিক্ষক অন্য শিক্ষকের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন, নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন এবং প্রয়োজনে পারস্পরিক সহযোগিতা লাভ করতে পারবেন।

তৃতীয়ত, সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, কর্মশালা, পরামর্শ ও উন্নত শিক্ষণপদ্ধতির সঙ্গে শিক্ষকদের পরিচিত করার মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।

চতুর্থত, শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা। বিশেষ করে অসুস্থ, অসচ্ছল ও বিপদগ্রস্ত শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য একটি প্রাতিষ্ঠানিক সহযোগিতাব্যবস্থা গড়ে তোলা। যাতে দুঃসময়ে একজন শিক্ষক নিজেকে অসহায় মনে না করেন।

পঞ্চমত, শিক্ষকতার মর্যাদা ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠা। নূরানী শিক্ষকতাকে একটি পেশাগত পরিচয়ে সীমাবদ্ধ না রেখে সম্মান, দক্ষতা, দায়িত্ববোধ ও সামাজিক মর্যাদার একটি সুপ্রতিষ্ঠিত ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করা।

নিবন্ধিত শিক্ষকদের জন্য পরিকল্পিত সেবাসমূহ উল্লেখ করে তিনি বলেন, নূরানী শিক্ষকদের নিবন্ধনের পাশাপাশি তাদের পেশাগত উন্নয়ন, সাংগঠনিক সমন্বয় ও সার্বিক কল্যাণে আমরা কয়েকটি সেবামূলক কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করেছি। সেগুলো হলো—

ক. দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ। নূরানী শিক্ষকদের জন্য নিয়মিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। শিশুদের মনস্তত্ত্ব, আচরণ ও নৈতিক শিক্ষা বিষয়ে কর্মশালা। পাঠদান পদ্ধতির আধুনিকায়ন ও মানোন্নয়নে প্রশিক্ষণ। অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা।

খ. সাংগঠনিক ও পেশাগত সহযোগিতা। নূরানী শিক্ষকদের সমন্বিত তথ্যভান্ডার তৈরি। শিক্ষক পরিচিতি ও নিবন্ধন পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা। অঞ্চলভিত্তিক যোগাযোগ ও সমন্বয়ব্যবস্থা গড়ে তোলা। শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি। যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান।

গ. সামাজিক ও মানবিক সহযোগিতা। অসুস্থ শিক্ষকদের পাশে দাঁড়ানো। অসচ্ছল শিক্ষকদের আর্থিক ও মানবিক সহযোগিতা। জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান। শিক্ষক ও তাদের পরিবারের কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহণ। বিশেষ পরিস্থিতিতে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা।

ঘ. দীর্ঘমেয়াদি কল্যাণ উদ্যোগ। নূরানী শিক্ষকদের জন্য একটি স্থায়ী শিক্ষক কল্যাণ তহবিল গঠন। শিক্ষক কল্যাণকেন্দ্র প্রতিষ্ঠা। শিক্ষকদের জন্য চিকিৎসাসেবা ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ। চিকিৎসার জন্য দূরবর্তী এলাকা থেকে আগত শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের আবাসনের জন্য মেহমানখানা প্রতিষ্ঠা।

সাংগঠনিক সক্ষমতা ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এসব কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

মাওলানা হারুনুর রশিদ লিখিত বক্তব্যে ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রকল্প তুলে ধরেন। তিনি বলেন, নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রমকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা কেবল তথ্য সংরক্ষণ বা সাংগঠনিক সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দ্বীনি শিক্ষা, গবেষণা, মানবিক সেবা ও শিক্ষকদের বহুমুখী দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদি কিছু প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন রয়েছে আমাদের।

১. শায়খুল কুরআন গবেষণা ও দাওয়াহ কমপ্লেক্স। দ্বীনি শিক্ষা, গবেষণা ও দাওয়াহ কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি স্থায়ী কেন্দ্রীয় ভবন প্রতিষ্ঠা করা। সেখানে সমৃদ্ধ লাইব্রেরি ও গবেষণাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

২. শিক্ষক কল্যাণ ট্রাস্ট। নূরানী শিক্ষকদের জন্য একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক কল্যাণ তহবিল গড়ে তোলা। এর মাধ্যমে অসুস্থ, অসচ্ছল ও বিপদগ্রস্ত শিক্ষকদের নিয়মিত সহযোগিতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

৩. নূরানী ও আদর্শ মাদরাসা। দ্বীনি শিক্ষার পাশাপাশি সময়োপযোগী প্রযুক্তিগত ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আধুনিক মানের নূরানী ও আদর্শ মাদরাসা প্রতিষ্ঠায় উৎসাহিত করা এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।

৪. ফ্রি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা কেন্দ্র। দুস্থ ও অসহায় রোগীদের জরুরি প্রয়োজনে বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা। পাশাপাশি প্রাথমিক ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

৫. শায়খুল কুরআন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশেষ করে অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানবিক চিকিৎসাসেবা গড়ে তোলার লক্ষ্যে একটি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

৬. শায়খুল কুরআন মেহমানখানা। দূরবর্তী এলাকা থেকে চিকিৎসার প্রয়োজনে আগত অসুস্থ মুয়াল্লিম ও তাদের পরিবারের সদস্যদের সাময়িক আবাসনের সুবিধা দিতে একটি সেবামূলক মেহমানখানা প্রতিষ্ঠা করা।

৭. স্কিল ডেভেলপমেন্ট বা বহুমুখী দক্ষতা উন্নয়ন। শিক্ষকদের পেশাগত দক্ষতার পাশাপাশি জীবনমান উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা। এর মধ্যে রয়েছে—কম্পিউটার প্রশিক্ষণ। ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ। এসি ও ফ্রিজ সার্ভিসিং প্রশিক্ষণ। ওয়েল্ডিং প্রশিক্ষণ। মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ। বাংলা ভাষা ও সাংবাদিকতা প্রশিক্ষণ। ইংরেজি ভাষা শিক্ষা। ড্রাইভিং প্রশিক্ষণ।

তিনি দেশের সকল নূরানী মুয়াল্লিম, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এ শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।

আইও/