দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ০২:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

বিশেষ প্রতিনিধি

দেশের মোট শিক্ষার্থীর ১২ দশমিক ৪৬ শতাংশ পড়াশোনা করছে মাদরাসায়। এর মধ্যে কওমি মাদরাসায় ৬ দশমিক ৬১ শতাংশ এবং আলিয়া মাদরাসায় ৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘সোশিও-ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভে ২০২৩’ প্রতিবেদনে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী শিক্ষার্থীদের এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটির তথ্য চলতি বছরের মে মাসে হালনাগাদ করা হয়েছে।

বিবিএসের জরিপ অনুযায়ী, দেশের মোট শিক্ষার্থীর ৪৫ দশমিক ৮৪ শতাংশ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। বাকি ৫৪ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী পড়ছে অন্যান্য ধরনের প্রতিষ্ঠানে। এর মধ্যে বেসরকারি সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানে ২৯ দশমিক ৯৯ শতাংশ এবং সরকারি অনুদানবিহীন বেসরকারি প্রতিষ্ঠানে ১০ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

কওমি মাদরাসায় শিক্ষার্থী বেশি

জরিপের তথ্য অনুযায়ী, আলিয়া মাদরাসার তুলনায় কওমি মাদরাসায় শিক্ষার্থীর হার বেশি। দেশের মোট শিক্ষার্থীর ৬ দশমিক ৬১ শতাংশ কওমি মাদরাসায় পড়াশোনা করছে। অন্যদিকে আলিয়া মাদরাসায় অধ্যয়ন করছে ৫ দশমিক ৮৫ শতাংশ। দুই ধরনের মাদরাসা মিলিয়ে এ হার ১২ দশমিক ৪৬ শতাংশ।

বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছে ৪০ শতাংশের বেশি

দেশের শিক্ষাব্যবস্থায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণও উল্লেখযোগ্য। বিবিএসের জরিপ অনুযায়ী, মোট শিক্ষার্থীর ২৯ দশমিক ৯৯ শতাংশ সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছে। আর সরকারি অনুদানবিহীন বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে ১০ দশমিক ৩১ শতাংশ। দুই ধরনের প্রতিষ্ঠান মিলিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে ৪০ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী।

বাংলা মাধ্যমে পড়ছে ৯৬ শতাংশের বেশি

শিক্ষার মাধ্যম বিবেচনায় ৩ থেকে ২৪ বছর বয়সী বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বাংলা মাধ্যমের প্রাধান্য সবচেয়ে বেশি। জরিপ অনুযায়ী, এ বয়সী শিক্ষার্থীদের ৯৬ দশমিক ০৩ শতাংশ বাংলা মাধ্যমে পড়াশোনা করছে। ইংরেজি মাধ্যমে পড়ছে শূন্য দশমিক ৬৫ শতাংশ এবং ইংরেজি ভার্সনে শূন্য দশমিক ৩০ শতাংশ। অন্যান্য মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীর হার ৩ দশমিক ০২ শতাংশ।

গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার মাধ্যমের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। গ্রামে বাংলা মাধ্যমে পড়ার হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ, শহরে ৯৫ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে শহরে ইংরেজি মাধ্যমে পড়ছে ১ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী; গ্রামে এ হার মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ। ইংরেজি ভার্সনে শহরে ০ দশমিক ৭৭ শতাংশ এবং গ্রামে ০ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা করছে।

আইও/