
|
নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব
প্রকাশ:
২১ নভেম্বর, ২০২৬, ০৯:৩৮ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নকীব পদক ২০২৬ পেয়েছেন বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মাদ, সাংবাদিক সমর ইসলাম এবং শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত নকীব উৎসব ২০২৬-এ তাদের হাতে এ পদক তুলে দেওয়া হয়। শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করা মাসিক নকীবের উদ্যোগে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে নকীব একাডেমি। এতে দেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশু-কিশোর লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ ও নির্বাহী সম্পাদক সাঈদ আবরারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নকীব একাডেমির উপদেষ্টা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জেহাদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, মুনীরুল ইসলাম, সায়ীদ উসমান, হুমায়ুন কবির শাবীব ও বদরুজ্জামান। এ ছাড়া বক্তব্য দেন মানজিল গ্রুপের চেয়ারম্যান জামাল মাসরুর, সাফওয়ান’স মাদরাসার চেয়ারম্যান মাওলানা আব্দুল জলীল, লাইফলাইন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শেখ নূরুন্নবী এবং এম কে ট্রাভেলসের পরিচালক মাইন উদ্দিন রুবেল। উৎসবের মূল আয়োজনে ছিল শিশু-কিশোরদের স্বরচিত ছড়া-কবিতা পাঠ, শিশুকিশোর প্রহরসহ নানা সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন। এ ছাড়া নজরুলজয়ন্তী ছড়া-কবিতা প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার প্রদান এবং নকীব জাতীয় শিশু সাহিত্য প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে নকীব একাডেমির সভাপতি মুনতাছির আহমাদ বলেন, দীর্ঘদিন ধরে মাসিক নকীব শিশু-কিশোরদের সৃজনশীলতা, মননশীলতা ও সাহিত্যপ্রতিভা বিকাশে কাজ করে আসছে। ২০২১ সালে প্রবর্তিত নকীব পদক এবং ২০২৫ সালে প্রতিষ্ঠিত নকীব একাডেমির কার্যক্রমের ধারাবাহিকতায় নকীব উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতা বিকাশে নানা উদ্যোগ অব্যাহত থাকবে। উৎসবের শেষ পর্বে মনোজ্ঞ সংগীত ও আবৃত্তির আয়োজন করা হয়। এতে কলরব, স্বপ্নসিঁড়ি, মানজিল ও ভয়েস স্টারের শিশুকিশোর শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। আইও/ |