
|
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ
প্রকাশ:
২০ নভেম্বর, ২০২৬, ১০:০২ রাত
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক বিশ্বে অনুসারীর সংখ্যার দিক থেকে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। ২০৩৫ সালের মধ্যে এ পরিবর্তন ঘটতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির প্রকাশিত এক জনমিতিক পূর্বাভাসে মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে। পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বেড়ে ২০২ কোটি থেকে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। পিউ রিসার্চ সেন্টারের হিসাব বলছে, বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি। অন্যদিকে হিন্দু ও ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির তুলনায় ধীরগতিতে বাড়তে পারে। বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জনসংখ্যার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন বলে মনে করা হয়। ফলে তুলনামূলক বেশি জন্মহারের কারণে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সাল পর্যন্ত জন্ম ও মৃত্যুর ব্যবধানের কারণে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ১৬০ কোটি এবং খ্রিষ্টান জনসংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে। ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ছিল ইন্দোনেশিয়া। দেশটিতে মুসলিম জনসংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের মুসলিম জনসংখ্যা ছিল ২২ কোটি ৭০ লাখ। তবে ২০৭০ সালের মধ্যে এ অবস্থানে পরিবর্তন আসতে পারে। পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তানের মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা বাড়তে পারে মাত্র ১৫ শতাংশ। ফলে পাকিস্তান বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে। ভারতও মুসলিম জনসংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসবে। ২০২০ সালে ২১ কোটি ৩০ লাখ মুসলিম নিয়ে দেশটি ছিল তৃতীয় অবস্থানে। ২০৭০ সালে দেশটির মুসলিম জনসংখ্যা বেড়ে ৩৩ কোটি ৪০ লাখে পৌঁছাতে পারে। এতে ভারত দ্বিতীয় অবস্থানে উঠে আসবে। অন্যদিকে নাইজেরিয়ায় মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। ফলে দেশটি পঞ্চম অবস্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসবে। আর ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ অবস্থানে। এ তালিকায় নতুন করে যুক্ত হবে ইথিওপিয়া ও আফগানিস্তান। অন্যদিকে বাদ পড়বে ইরান ও আলজেরিয়া। সুদানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এতে দেশটি মুসলিম জনসংখ্যার দিক থেকে তুরস্ককেও ছাড়িয়ে যাবে। বর্তমান জন্মহার, মৃত্যুহার ও ধর্ম পরিবর্তনের প্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন ধারণার ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। তবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এলে জনসংখ্যার এ পূর্বাভাসেও পরিবর্তন আসতে পারে। সূত্র: আল-জাজিরা এসএইচ/ |