
|
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা
প্রকাশ:
২০ নভেম্বর, ২০২৬, ০৮:৩৭ রাত
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচির দাওরায়ে হাদিস বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী নুরুল আমিন উসামা (উসামা বিন আফজাল)। একই পরীক্ষায় পুরো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। সম্প্রতি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফিজাহুল্লাহর হাত থেকে কৃতিত্বের পুরস্কার গ্রহণ করেন উসামা। দাওরায়ে হাদিস বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থীর মধ্যে তিনি এ সাফল্য অর্জন করেন। পুরস্কার হিসেবে তাঁকে মূল্যবান বিভিন্ন কিতাব, নগদ অর্থ, এক সেট পোশাক এবং তিন মাসের জন্য দ্বিগুণ মাসিক ভাতা দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরস্কার হিসেবে দেওয়া কিতাবগুলোর মূল্য প্রায় ২৫ হাজার পাকিস্তানি রুপি। নগদ অর্থ ও অন্যান্য উপহার মিলিয়ে পুরস্কারের মোট মূল্য ৩০ হাজার টাকার বেশি। নুরুল আমিন উসামার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঝাটিয়াপাড়ায়। তিনি একজন হাফেজে কোরআন। তাঁর বাবা মাওলানা আফজালুর রহমান ফেনীর দারুল উলুম শর্শদির শাইখুল হাদিস ও সদর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। উসামা বাংলাদেশে ঢাকার জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মুহাম্মদপুর থেকে তাকমিল সম্পন্ন করেন। আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের বোর্ড পরীক্ষায় সারা দেশে মেধাতালিকায় নবম স্থান অর্জন করেন তিনি। পাশাপাশি আহমাদ'স এডুকেশন থেকে ডিপ্লোমা ইন ইংলিশ কোর্সও সম্পন্ন করেছেন। চলতি বছর উচ্চতর ইসলামি শিক্ষা অর্জনের লক্ষ্যে পাকিস্তানে যান উসামা। ভর্তি হন জামিয়া দারুল উলুম করাচির দাওরায়ে হাদিস বিভাগে। প্রতিষ্ঠানটিতে এটিই তাঁর প্রথম শিক্ষাবর্ষ। আগামী বছর একই প্রতিষ্ঠানে তিন বছর মেয়াদি তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (ইসলামি আইন ও ফতোয়াবিষয়ক উচ্চতর বিশেষায়িত শিক্ষা) সম্পন্ন করার ইচ্ছা রয়েছে তাঁর। উল্লেখ্য, ১৯৫১ সালের জুন মাসে প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ শফি ও নূর আহমদের উদ্যোগে জামিয়া দারুল উলুম করাচি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ১৯৫৭ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠানটি করাচির কোরাঙ্গি এলাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে এটি পাকিস্তানের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্বের ৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এখানে হাদিস, ফিকহ, ইসলামি আইন ও ইসলামি অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থী উসামার এমন সাফল্যে দেশের কওমি মাদরাসা অঙ্গনে আনন্দের আবহ তৈরি হয়েছে। এসএইচ/ |