
|
মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন
প্রকাশ:
২০ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পবিত্র মক্কার মসজিদুল হারামে স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির একটি ঝাড়বাতি। ৩৪ দশমিক ১ মিটার উচ্চতা ও ১৮ দশমিক ৪ টন ওজনের এই ঝাড়বাতিতে রয়েছে ৯৬ হাজার ১২০টি এলইডি পয়েন্ট। দীর্ঘ ১০ বছরের পরিকল্পনা ও কারিগরি প্রস্তুতির পর এটি তৈরি করেছে অস্ট্রিয়ার প্রতিষ্ঠান ‘লাইটস অব ভিয়েন ‘। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের দীর্ঘদিনের এই প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এতে ঝাড়বাতিটির নকশা, নির্মাণপ্রক্রিয়া, আলোকপ্রযুক্তি ও স্থাপনের নানা দিক তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ঝাড়বাতিটিতে রয়েছে ৪৭ লাখ ৫০ হাজারের বেশি লুমেন আলোকক্ষমতা। এর বিদ্যুৎ ব্যবহার ২৯ হাজার ৮৬২ ওয়াট। পুরো আলোকব্যবস্থা পরিচালনায় ব্যবহার করা হয়েছে এক হাজার ড্রাইভার, ৯৬টি বিদ্যুৎ সার্কিট এবং ৫৬টি নিয়ন্ত্রণ সার্কিট। প্রতিকূল পরিবেশেও নিরবচ্ছিন্নভাবে ব্যবহারের উপযোগী করে এটি তৈরি করা হয়েছে। সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিন-রাত ২৪ ঘণ্টা চালু রাখার সক্ষমতা রয়েছে ঝাড়বাতিটির। নির্মাণপ্রক্রিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর বিশাল আকৃতির বিভিন্ন অংশের নিখুঁত সংযোজন। ঝাড়বাতিটির ভেতরের ও বাইরের বৃত্তাকার অংশগুলো মিলিমিটার পর্যায়ের নিখুঁত মাপে তৈরি করতে হয়েছে। প্রতিটি অংশে স্বর্ণের প্রলেপ, নান্দনিক অলংকরণ, আলোকব্যবস্থা ও শীতলীকরণ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব নকশায় ঘূর্ণনযোগ্য ও স্থানান্তরযোগ্য বিশেষ সহায়ক কাঠামো তৈরি করে। পুরো ঝাড়বাতিতে ব্যবহার করা হয়েছে প্রায় ১২ কেজি স্বর্ণ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কাছাকাছি প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় ৩৩ জন কর্মীর সমন্বয়ে ঝাড়বাতিটি তৈরি করা হয়। পরে কার্গো পার্টনারের ব্যবস্থাপনায় বোয়িং ৭৪৭ উড়োজাহাজে করে এটি পরিবহন করা হয়। এরপর মসজিদুল হারামে অংশে অংশে সংযোজনের কাজ সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগে। এ কাজে স্থানীয় বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান অংশ নেয়। বিশাল আকৃতি, আধুনিক আলোকপ্রযুক্তি, স্বর্ণের কারুকাজ এবং দীর্ঘ নির্মাণপ্রক্রিয়ার কারণে ঝাড়বাতিটি মসজিদুল হারামের স্থাপত্য ও আলোকসজ্জায় বিশেষ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: হারামাইন আর্কাইভ আইও/ |