
|
পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায়
প্রকাশ:
২০ নভেম্বর, ২০২৬, ১১:০৫ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক পাকিস্তানের কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা কারী মুহাম্মদ হানিফ জালান্ধরি ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে ফরিদাবাদ মাদরাসার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বিশ্বখ্যাত আলেম এবং পাকিস্তান বেফাকের সভাপতি শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী। মাওলানা হানিফ জালান্ধরি তাঁর সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর বাইরেও তার ব্যক্তিগত কিছু কর্মসূচি নির্ধারিত রয়েছে। পাকিস্তানের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত মাওলানা হানিফ জালান্ধরি। টানা ২৮ বছর ধরে দেশটির কেন্দ্রীয় কওমি শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। মাওলানা হানিফ জালান্ধরি পাকিস্তানের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও মাদরাসা সংগঠক। তিনি দীর্ঘদিন ধরে মুলতানের ঐতিহ্যবাহী জামিয়া খায়রুল মাদারিসের মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা খায়র মুহাম্মদ জালান্ধরি (রহ.)-এর নাতি এবং মাওলানা মুহাম্মদ শরিফ জালান্ধরি (রহ.)-এর ছেলে তিনি। ১৯৮১ সালে মাত্র ২০ বছর বয়সে পিতার ইন্তেকালের পর জামিয়া খায়রুল মাদারিসের তৃতীয় মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হানিফ জালান্ধরি। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির মুহতামিমের পাশাপাশি শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করেন। অল্প বয়সে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক নেতৃত্বের যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালের ২ মার্চ, মাত্র ৩৭ বছর বয়সে তিনি পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব নির্বাচিত হন। এরপর থেকে টানা ২৮ বছর ধরে এই দায়িত্ব পালন করছেন। তাঁর দীর্ঘ নেতৃত্বে বোর্ডটির সাংগঠনিক বিস্তার, শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি পেয়েছে। এ কারণে তাঁকে পাকিস্তান বেফাকের দীর্ঘদিনের কাণ্ডারি হিসেবেও অভিহিত করা হয়। ১৯৫৯ সালের ১৮ অক্টোবর প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের অন্যতম বৃহৎ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড। এর প্রধান কার্যালয় মুলতানে। দেশটির কওমি মাদরাসাগুলোর নিবন্ধন, পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষা পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে বোর্ডটি কাজ করে। বর্তমানে বোর্ডটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানী। ২০২৬ সালের ২ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো সভাপতি এবং মাওলানা হানিফ জালান্ধরি টানা সপ্তমবারের মতো মহাসচিব নির্বাচিত হন। আগামী পাঁচ বছরের জন্য তাঁরা এ দায়িত্ব পেয়েছেন। নির্বাচনে তাদের নাম প্রস্তাব করেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। আইও/ |