নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬, ০৯:৫২ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। তিনি বলেন, নবীজি সা. সবসময় সত্য কথা বলতেন। তাঁর এই একটি শিক্ষার ওপরও যদি মানুষ আমল করে, তাহলে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আওয়ার ইসলাম ডটকম আয়োজিত এক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানবী সা.-এর জীবনী শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার দাবি এবং তাঁর জীবনভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, প্রতিটি মুসলমানের মহানবী সা. সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা প্রয়োজন। তাঁর জীবনী শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার যে দাবি জানানো হয়েছে, এর সঙ্গে তিনি একমত। দাবিটি যথাযথ জায়গায় পৌঁছে দিতে তিনি চেষ্টা করবেন।

ইসলামের প্রচারে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বিশিষ্ট এই সম্পাদক বলেন, গণমাধ্যমের যাত্রা শুরুর পর থেকেই ইসলামের বিরুদ্ধে নানা প্রচার-প্রচারণা চলছে। তাই গণমাধ্যমের এই বাস্তবতা মোকাবিলা করতেই হবে। স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে ইসলামের প্রচারে কাজ করার জন্য আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুবকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনেকে এ ধরনের কাজ করতে চান না।

দেশে ইসলামের প্রচার-প্রসার প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, একসময় তাবলিগ জামাত এ ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছে। কিন্তু সেই তাবলিগের মধ্যেও আজ বিভাজন সৃষ্টি করা হচ্ছে। ইসলামের অপব্যাখ্যা ছড়ানোর জন্য হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আলেমদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো আলেম অপরাধ করলে তা যেভাবে প্রচার করা হয়, এক হাজার সাধারণ মানুষ অপরাধ করলেও একইভাবে প্রচার করা হয় না। এ কারণে আলেমদের প্রতি তাঁর আহ্বান, তাঁরা যেন ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ মানুষের কাছে তুলে ধরেন।

মসজিদ নির্মাণ ও উন্নয়নের পাশাপাশি মুসল্লির সংখ্যা কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। তিনি বলেন, মসজিদের উন্নতি হচ্ছে, কিন্তু মুসল্লি কমে যাচ্ছে। অনেক সময় তাঁকে জুমার নামাজে আমন্ত্রণ জানানো হয়। তবে তিনি মনে করেন, শুধু জুমার মুসল্লি দিয়ে মসজিদের প্রকৃত অবস্থা বোঝা যায় না; অন্য ওয়াক্তে কতজন মুসল্লি উপস্থিত হন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

আলেমদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের আলেমরা কখনো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবেন না। তাঁরা জালিমের জুলুম সহ্য করলেও চূড়ান্ত বিচারের সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। ৫ আগস্টও তাঁরা দাঁড়িয়েছেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশকে রক্ষায় ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান, কোনো কারণে বাংলাদেশের মুসলমানরা যেন দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত না হন। গত ১৭ বছরে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ভবিষ্যতে ৯০ শতাংশ মুসলমানের এই দেশে কেউ যেন দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে না থাকেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আইও/