দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:১১ দুপুর
নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৮ নভেম্বর) সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি আরও কঠোর করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ এলাকায় পুলিশের টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করার কথা বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দর থানাকেও বিমানবন্দরের আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা করে না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় নিরাপত্তা টহল, নজরদারি ও পর্যবেক্ষণ চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারির আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠকও করেছে সংস্থাটি পরিকল্পনা অনুযায়ী পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব উদ্যোগে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে।

আইও/