
|
ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ
প্রকাশ:
১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর তিন দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর দস্তারবন্দী সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের বিশিষ্ট আলেম-উলামা অংশ নেবেন। তিন দিনের এ সম্মেলনে জামিয়ার ৭০ বছরের ইতিহাস ও ঐতিহ্য, ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়, দীনের দাওয়াতে আলেম-তালাবাদের দায়িত্ব, কর্মজীবনে ইসলাহি মুরুব্বিদের সঙ্গে সম্পর্ক এবং কওমি মাদরাসার ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তিন দিনের মহাসম্মেলনের বিস্তারিত সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রথম দিন ২৩ নভেম্বর সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে অতিথিদের আসন গ্রহণ ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরু হবে। এতে স্বাগত বক্তব্য দেবেন জামিয়ার মুহতামিম। পরে তিন দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন মাওলানা নজরুল ইসলাম। মাগরিবের নামাজের পর জামিয়ার ৭০ বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করবেন মুফতি আবু সাঈদ। এরপর পাকিস্তানের আমন্ত্রিত অতিথিরা বিশেষ আলোচনা করবেন। এশার নামাজের পর প্রধান আলোচনা ও বিশেষ পর্ব শেষে দস্তারবন্দী কার্যক্রম শুরু হবে। এদিন প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার শিক্ষার্থীকে দস্তারবন্দী করার লক্ষ্যমাত্রা রয়েছে। রাত ১০টা ৪৫ মিনিটে সমাপনী মোনাজাতের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে। দ্বিতীয় দিন ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে। সকালে মুফতি আবু সাঈদ ‘ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়’ বিষয়ে আলোচনা করবেন। এরপর ভারত ও পাকিস্তানের অতিথিদের আলোচনা অনুষ্ঠিত হবে। পরে ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দস্তারবন্দী করা হবে। দুপুরের অধিবেশনে ভারতের একজন অতিথি এবং মুফতি আব্দুস সালাম আলোচনা করবেন। কর্মজীবনে ইসলাহী মুরুব্বির সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরবেন মুফতি আব্দুস সালাম। বিকেল ও সন্ধ্যার অধিবেশনে দেশি-বিদেশি আলেমদের আলোচনা চলবে। এ পর্বে বক্তব্য দেবেন মাওলানা মুতিউর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা। এশার নামাজের পর দেশি-বিদেশি অতিথিদের আলোচনা শেষে ২০১৮ থেকে ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ অবশিষ্টদের দস্তারবন্দী করা হবে। রাত ১০টা ৪০ মিনিটে আখেরি বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হবে। তৃতীয় দিন ২৫ নভেম্বর বুধবার সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাপনী দিনের কার্যক্রম শুরু হবে। সকালে মাওলানা নজরুল ইসলাম ‘দ্বীনের দাওয়াতে উলামা ও তলাবার করণীয়’ বিষয়ে আলোচনা করবেন। মুফতি ইউনুস আলোচনা করবেন পারিবারিক ও দাম্পত্য জীবনে ভারসাম্য এবং একজন আলেমের দায়িত্ব ও পারিবারিক বাস্তবতা নিয়ে। এরপর ২০২১ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দস্তারবন্দী করা হবে। দুপুরের অধিবেশনে কওমি মাদরাসার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করবেন দেশীয় একজন অতিথি। এ ছাড়া দাওরায়ে হাদিস সমাপনী অনুষ্ঠানের কর্মসূচি বিষয়ে আলোচনা করবেন মাওলানা যিকরুল্লাহ খান। বিকেলে পাকিস্তানের আমন্ত্রিত অতিথির আলোচনা এবং অবশিষ্ট শিক্ষার্থীদের দস্তারবন্দী অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজের পর দেশীয় অতিথির আলোচনা, বিশেষ পর্ব এবং সমাপনী আলোচনা ও দোয়ার আয়োজন রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ না হলে এশার নামাজের পরও দস্তারবন্দী চলবে। সে ক্ষেত্রে রাত সাড়ে ৯টায় আখেরি বয়ান ও দোয়ার মধ্য দিয়ে তিন দিনের মহাসম্মেলনের সমাপ্তি ঘটবে। তিন দিনের নির্ধারিত কর্মসূচিতে দস্তারবন্দী চলাকালে জামিয়ার সম্মানিত আসাতেজায়ে কেরামকে মঞ্চে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আইও/ |