ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ সকাল
নিউজ ডেস্ক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চলছে ইসলামি বইমেলা-২০২৬। মেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। এ সময় তিনি কয়েকটি স্টল থেকে বইও কেনেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর টাউন হল প্রাঙ্গণে বইমেলায় আসেন সিটি প্রশাসক। সীরাতকেন্দ্র ময়মনসিংহের উদ্যোগে এবং ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশিত বই ও প্রকাশনাসামগ্রী সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কয়েকটি স্টল থেকে পছন্দের বই কিনে আয়োজকদের উৎসাহিত করেন।

বইমেলার আয়োজনের প্রশংসা করে প্রশাসক বলেন, ইসলামি জ্ঞান, সাহিত্য ও পাঠাভ্যাস বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা ও বই পড়ার আগ্রহ সৃষ্টিতে বইমেলা কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি এ আয়োজনের সার্বিক সফলতা কামনা করেন।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর এই বইমেলা শুরু হয়েছে। চলবে শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত।

আইও/