স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময়
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:৫২ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) কেন্দ্রীয় টিম।

বুধবার (১৮ নভেম্বর) শরীয়তপুর জেলার জাজিরা থানা, নড়িয়া উপজেলা, সখিপুর থানা, ভেদরগঞ্জ উপজেলা, ডামুড্যা উপজেলা ও সদর থানা শাখার দায়িত্বশীলদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী ও নির্বাহী সদস্য মাওলানা মামুনুর রশীদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী, সহসভাপতি মাওলানা খবির উদ্দীন, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ ও মাওলানা আব্বাস এবং সাধারণ সম্পাদক মাওলানা দবির উদ্দীনসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

মতবিনিময় সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাছাই, সাংগঠনিক প্রস্তুতি ও স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক অবস্থান পর্যালোচনা এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় দায়িত্বশীল নেতাদের মতামত ও পরামর্শ নেওয়া হয়।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ের সাংগঠনিক পরিস্থিতি ও দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা করেন।

আইও/