আট মাসেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: গাজী আতাউর রহমান
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি গোপালগঞ্জে যে সহিংসতা চালিয়েছে, তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এ ঘটনার মাধ্যমে দেশজুড়ে বার্তা গেছে, পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক এবং তারা দেশকে অস্থিতিশীল করার সক্ষমতা রাখে। এমন পরিস্থিতি বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, গণ-অভ্যুত্থানের পর দেড় বছর এবং নির্বাচনের পর আট মাস পেরিয়ে গেলেও দেশ স্থিতিশীল হয়নি। এটি সরকারের ব্যর্থতা। সরকার এখন শত শত পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি করছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার পরপরই এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। এখন নজরদারি শুরু করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, বাইরে থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এর পরিণতি এখন বুমেরাং হয়ে দেখা দিয়েছে। অতীতের মতো আবারও আমরা বলছি, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। পলাতক অপরাধীদের গ্রেপ্তারেও দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আতিকুর রহমান মুজাহিদ ও কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

এসএইচ/