খতিবদের জন্য ‘দুঃসংবাদ’!
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হবে। তবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এই সম্মানীর আওতায় থাকলেও আপাতত তালিকায় রাখা হচ্ছে না খতিবদের।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদ সদস্য জানতে চান, চলতি অর্থবছরে দেশের কতটি মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হবে এবং মসজিদের খতিবদের এ কর্মসূচির আওতায় আনার কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে ধর্মমন্ত্রী জানান, চলতি অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিদের সম্মানী দেওয়া হবে। নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এ সম্মানী পাবেন।

তবে মসজিদের খতিবদের এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানান ধর্মমন্ত্রী।

এসএইচ/