
|
একজন ফকিহের গড়ে ওঠা ও তাঁর চিন্তাপদ্ধতি
প্রকাশ:
১৭ নভেম্বর, ২০২৬, ০৩:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
|| আকিদুল ইসলাম সাদী || মজলিস চলছে। ছাত্ররা প্রশ্ন করছে আর উস্তাদ উত্তর দিচ্ছেন। এমতাবস্থায় একজন লোক এলেন। তিনি একটি প্রশ্ন করলেন। প্রশ্নটি শুনতে সহজ। কিন্তু নু‘মান বুঝলেন, এর ভেতরে অনেক বিষয় লুকিয়ে আছে। তিনি বললেন, একটু বিস্তারিত বলুন। লোকটি ঘটনা খুলে বলল। নু‘মান মন দিয়ে শুনলেন। তারপর কয়েকটি প্রশ্ন করলেন। ঘটনাটি কখন ঘটেছে? পরিস্থিতি কী ছিল? সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য কী ছিল? এ বিষয়ে কোনো বর্ণনা আপনার জানা আছে? লোকটি অবাক হয়ে বললেন, আমি তো শুধু জানতে এসেছি, কী করতে হবে! নু‘মান মৃদু হেসে বললেন, সঠিক উত্তর দিতে হলে আগে সঠিক প্রশ্নটি বুঝতে হবে। মজলিসের ছাত্ররা নীরবে তাদের কথোপকথন শুনছিল। নু‘মান দলিল ও পূর্ববর্তী আলেমদের বক্তব্য বিবেচনা করলেন। তিনি কখনো শুধু নিজের মতকে সামনে রাখতেন না। কুরআনের নির্দেশ কী? রাসুলুল্লাহ স.-এর সুন্নাহ কী বলে? সাহাবায়ে কেরাম বিষয়টি কীভাবে বুঝেছেন? আরবি ভাষার অর্থ কী? একই বিষয়ে অন্য কোনো বর্ণনা আছে কি? এসব বিষয় বিবেচনা করে তিনি সিদ্ধান্তে পৌঁছাতেন। একজন ছাত্র একদিন তাঁকে জিজ্ঞেস করল, হুজুর, এত কিছু একসঙ্গে ভাবেন কীভাবে? নু‘মান বললেন, এগুলো ভাবতে হয়। কারণ, একটি মাসআলা কখনো শুধু একটি বাক্যের মধ্যে থাকে না। এ বিষয়ের ওপর ভেবেই মাসআলা বের করতে হয়। ছাত্রটি চুপচাপ তার কথা শুনছিল। আর কী যেন ভাবছিল। তিনি বললেন, ইলম হলো আমানত। তাই কোনো বিষয়ে তাড়াহুড়ো করে কথা বলা উচিত নয়। আরেকদিন একজন ছাত্র একটি মত নিয়ে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হুজুর, এটাই তো স্পষ্ট! নু‘মান বললেন, স্পষ্ট মনে হওয়া আর সত্যিই সব দিক থেকে স্পষ্ট হওয়া এক কথা নয়। ছাত্রটি অবাক হয়ে তার দিকে তাকাল। বিষয়টা তো সত্যই! নু‘মান বললেন, কোনো দলিল দেখলে তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য দলিলও দেখতে হয়। কোনো মত শুনলে তার ভিত্তিও বুঝতে হয়। কেবল নিজের মতকেই প্রাধান্য দেওয়া ঠিক নয়। এভাবেই তাঁর চিন্তাপদ্ধতি গড়ে উঠেছিল। তিনি শুধু উত্তর খুঁজতেন না। উত্তরের পথও খুঁজতেন। আর এ কারণেই তাঁর মজলিসে ছাত্ররা শুধু মাসআলা শিখত না। তারা শিখত— কীভাবে চিন্তা করতে হয়। প্রশ্ন করার পদ্ধতি কী? কীভাবেও বা দলিল বুঝতে হয়। মতভেদের কারণ কীভাবে খুঁজতে হয়। আর কীভাবে না জানলে বলতে হয়— “আমি জানি না।” এই গুণগুলোই নু'মানকে মুসলিম বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ফকিহতে পরিণত করেছে। তাঁর মজলিসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল প্রশ্ন ব্যবস্থা। উত্তর শেষ হলেও প্রশ্ন থামত না। একটি প্রশ্ন থেকে জন্ম নিত আরেকটি প্রশ্ন। আর সেই প্রশ্ন থেকেই খুলে যেত জ্ঞানের নতুন দরজা। এসএইচ/ |