নারায়ণগঞ্জে জমিয়তের বৈঠক, ফেরদাউসের ভিডিও ইস্যুতে তদন্ত করবেন ৫ সদস্য
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০৬ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির যৌথ উদ্যোগে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃত করা এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর তদন্তে গঠিত কমিটির সদস্যসংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জের জামতলায় হীরা ড্রাগন রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম আহ্বায়ক মাওলানা তৈয়ব আল হুসাইনী। সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া।

বৈঠকে মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, আব্দুর রশিদ, মাওলানা জাকারিয়া আল ফরহাদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইসমাইল সরকার, মুফতি মাসউদুর রহমান, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা সাইফুল ইসলামসহ জেলা ও মহানগর জমিয়তের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে নেতারা বলেন, দ্বীনি, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভূমিকা আরও কার্যকর করতে জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে দায়িত্বশীলদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

এদিকে জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। আগে তিন সদস্যের কমিটি গঠন করা হলেও বিশেষ বৈঠকে তা পাঁচ সদস্যে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে কমিটির পরিধি বাড়ানো হয়েছে। তদন্ত কমিটি ভিডিওটির বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করে সংগঠনের দায়িত্বশীলদের কাছে প্রতিবেদন দেবে।

আইও/