
|
তাবলিগের মুরব্বি মাওলানা নজরুর রহমানের জানাজায় লাখো মুসল্লি
প্রকাশ:
১৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের তাবলিগ জামাতের আমির, প্রখ্যাত মুহাদ্দিস ও বর্ষীয়ান আলেম মাওলানা হাজি নজরুর রহমানের জানাজায় লাখো মানুষের ঢল নেমেছে। দেশটির বিভিন্ন প্রান্ত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী জানাজায় অংশ নেন। বিশাল জনসমাগমে জানাজার পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রিয় আলেমকে শেষবিদায় জানাতে আসা মানুষের অনেকেই এ সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন। সোমবার (১৬ নভেম্বর) রাতে পাকিস্তানের লাহোরের অদূরে রাইউইন্ড তাবলিগ মারকাজে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তাঁর ছেলে মাওলানা আবদুর রহমান। জানাজায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলসহ দেশের বাইরে থেকেও বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় আলেম-উলামা, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব এবং তাবলিগ জামাতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। লাখো মানুষের উপস্থিতিতে পুরো জানাজা প্রাঙ্গণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মাওলানা হাজি নজরুর রহমান ১৯২৯ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলার বালওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমদের ছাত্র এবং পাকিস্তানে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাকালীন সময়ের অন্যতম কর্মী। শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র মাওলানা হাসান মাহমুদ দেওবন্দির কাছেও তিনি পড়াশোনা করেন। তিনি ১৯৪৯-৫০ শিক্ষাবর্ষে গুজরাটের খাদিম উলুমে নবুওয়াত মাদরাসায় দরসে নিজামি ও হাদিসের উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন। তাঁর উস্তাদ ছিলেন শায়খুল হাদিস মাওলানা সুলতান মাহমুদ। শিক্ষাজীবন শেষে নিজ এলাকায় ইমামতি ও দ্বীনি শিক্ষাদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে ট্যাক্সিলা, ওয়াহ ক্যান্টনমেন্ট ও রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকায় দ্বীনি খেদমত করেন। ১৯৭১ সালে রাইউইন্ডের মাদরাসা আরাবিয়ায় শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় তিনি দ্বীনি শিক্ষা, হাদিসের দরস এবং দাওয়াত ও তাবলিগের কাজে নিয়োজিত ছিলেন। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তিনি এ মেহনতে যুক্ত ছিলেন। দীর্ঘদিন হজরত মাওলানা হাজি মুহাম্মদ আবদুল ওয়াহহাব (রহ.)-এর সঙ্গে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তী সময়ে জামাতের নায়েবে আমিরের দায়িত্বও পালন করেন। ২০১৮ সালের নভেম্বরে মাওলানা হাজি মুহাম্মদ আবদুল ওয়াহহাব (রহ.)-এর ইন্তেকালের পর পাকিস্তানের তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাওলানা নযরুর রহমান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে বহাল ছিলেন। ৯৭ বছর বয়সে তাঁর ইন্তেকালে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর ইন্তেকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিসহ দেশটির বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেন। তাঁরা ইসলামের প্রচার-প্রসার এবং দাওয়াত ও তাবলিগের ময়দানে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন। আইও/ |