রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৫ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনায় মসজিদে নববিতে অবস্থিত রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের নভেম্বর মাসের জন্য পুরুষ ও নারীদের জিয়ারতের সময় আলাদা করে নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পুরুষরা রাত ২টা থেকে ফজরের আগ পর্যন্ত এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত রওজা জিয়ারত করতে পারবেন। শুক্রবার পুরুষদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে রাত ২টা থেকে ফজরের আগ পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশার নামাজ পর্যন্ত।

অন্যদিকে, শনিবার থেকে বৃহস্পতিবার নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত রওজা জিয়ারত করতে পারবেন। শুক্রবার নারীদের জন্য জিয়ারতের সময় ফজরের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং এশার পর থেকে রাত ২টা পর্যন্ত।

রওজা শরিফে প্রবেশের জন্য প্রত্যেক দর্শনার্থীকে সৌদি সরকারের নির্ধারিত নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে আগাম অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। অনুমতিপত্র ছাড়া সেখানে প্রবেশের সুযোগ নেই।

উল্লেখ্য, মসজিদে নববির রিয়াজুল জান্নাহ মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান। হজ ও ওমরাহ পালন করতে আসা বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা মদিনায় অবস্থানকালে এ স্থান জিয়ারতের সুযোগ নিতে আগ্রহী থাকেন।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/