
|
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
প্রকাশ:
১৬ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ রাত
নিউজ ডেস্ক |
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন প্রণয়ন করবে সরকার। চলতি সংসদ অধিবেশনেই আইনটি আনা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সরকারের কাছে প্রচুর অভিযোগ আসছে। তাঁকেও প্রতিদিন নানা অভিযোগ ও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আইন প্রণয়নের মাধ্যমে এ ধরনের কনটেন্ট বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে সরকার। এসব কনটেন্ট কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া যায়, সে বিষয়েও কাজ চলছে। অন্য এক লিখিত প্রশ্নের জবাবে তথ্যপ্রযুক্তিমন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে ৬১ জন কর্মকর্তা ও কনসালটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জন কনসালটেন্টের চুক্তি বাতিল করা হয়েছে। ১৪ জন কর্মকর্তা ও কনসালটেন্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। দুজনের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রী বলেন, আইসিটি বিভাগের গত দেড় দশকের বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করে ২০২৫ সালের নভেম্বর মাসে শ্বেতপত্র প্রকাশ করা হয়। এর সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং এটুআই প্রকল্পে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন প্রকল্প থেকে অপ্রয়োজনীয় কার্যক্রম বাদ দিয়ে সেগুলো পুনর্বিন্যাস ও পরিসর সংশোধন করা হয়েছে। প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন ও পুনর্বণ্টন করা হয়েছে। এ-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কয়েকটি চলমান তদন্তে আইসিটি বিভাগ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমানের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা চুরি প্রতিরোধে সিম নিবন্ধন যাচাই, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ফিশিং লিংক ও ভুয়া ওয়েবসাইট বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি বলেন, বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কোনো সিম নিবন্ধন না করার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম জোরদার করা হচ্ছে। গ্রাহকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধিত সিম ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সমন্বিতভাবে কাজ করছে। এ ছাড়া এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এসএমএস, ভয়েস মেসেজ ও বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত গ্রাহক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট এবং প্রতারণামূলক কার্যক্রমে ব্যবহৃত নম্বর বন্ধে বিটিআরসি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান মন্ত্রী। সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সংসদ সদস্য সানজিদা ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভুয়া সিম বন্ধেও সরকার কাজ করছে। এ ধরনের সিমের তথ্য পাওয়া মাত্রই বিটিআরসিকে জানানো হয় এবং সে অনুযায়ী সেগুলো বন্ধের ব্যবস্থা নেওয়া হয়। কারও কাছে কোনো ভুয়া সিমের তথ্য থাকলে তা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসএইচ/ |