
|
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ?
প্রকাশ:
১৬ নভেম্বর, ২০২৬, ০৬:৫৩ বিকাল
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক মালিকের অনুমতি ছাড়া অন্যের সম্পদ ব্যবহার করা শরিয়তে নিষিদ্ধ। তবে প্রচলিত রীতি ও মালিকের সন্তুষ্টির মাধ্যমে কখনো অনুমতি প্রমাণিত হতে পারে। গ্রামবাংলায় চলতে-ফিরতে প্রায়ই এমন কিছু দৃশ্য চোখে পড়ে—কোনো বাগানের গাছ থেকে আম ঝরে পড়েছে। গাছের নিচে শুকনো ডালপালা পড়ে আছে কিংবা বাতাসে ঝরে পড়া শুকনো পাতায় ভরে গেছে গাছের চারপাশ। কোথাও পুকুর দীর্ঘদিন অব্যবহৃত পড়ে আছে। কোথাও আত্মীয়ের বাড়ির গাছ থেকে ফল পেড়ে খাওয়ার প্রচলন রয়েছে। এসব ক্ষেত্রে অনেকেই মনে করেন, পড়ে থাকা জিনিস কিংবা অব্যবহৃত সম্পদ নিয়ে নিলে আর কী এমন সমস্যা! কিন্তু ইসলামী শরিয়তে অন্যের সম্পদের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সম্পদ অব্যবহৃত পড়ে থাকলেও কিংবা তার মালিক ধনী হলেও অনুমতি ছাড়া তা ব্যবহার করার অধিকার কারও নেই। তবে মালিকের অনুমতি কখনো সরাসরি কথার মাধ্যমে, আবার কখনো প্রচলিত সামাজিক রীতি ও পারস্পরিক আচরণের মাধ্যমেও প্রমাণিত হতে পারে। তাহলে গাছের নিচে পড়ে থাকা আম কুড়িয়ে খাওয়া, শুকনো ডালপালা বা পাতা সংগ্রহ করা কিংবা আত্মীয়ের গাছ থেকে পেয়ারা পেড়ে খাওয়ার শরয়ী বিধান কী? এ বিষয়ে ইসলামী ফিকহের আলোকে আলোচনা করা হলো। অন্যের সম্পদ ব্যবহারের মূলনীতি ইসলামী শরিয়তের মৌলিক নীতি হলো, অন্যের সম্পদ তার সন্তুষ্টি ও অনুমতি ছাড়া গ্রহণ করা জায়েজ নয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, عَنْ أَبِي حُرَّةَ الرَّقَاشِيِّ، عَنْ عَمِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ. ‘কোনো মুসলিম ব্যক্তির সম্পদ তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল নয়।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ২০৬৯৫) ফিকহের প্রসিদ্ধ মূলনীতি হলো, لا يجوز التصرف في ملك الغير بغير إذنه ‘অন্যের সম্পত্তিতে তার অনুমতি ছাড়া কোনো ধরনের হস্তক্ষেপ করা জায়েজ নয়।’ (বাদায়েউস সানায়ে, ২/২৩৪) তবে অনুমতি শুধু মুখে বললেই প্রযোজ্য হবে, এমন নয়। অনেক সময় সমাজে প্রচলিত রীতি, পারস্পরিক লেনদেন ও আচরণের মাধ্যমেও অনুমতি প্রমাণিত হতে পারে। ফিকহের একটি প্রসিদ্ধ মূলনীতি হলো, العرف كالمشروط ‘প্রচলিত রীতি শর্তের মতো গণ্য হয়।’ তবে এ মূলনীতি প্রয়োগের জন্য সংশ্লিষ্ট রীতি বাস্তবে প্রমাণিত হওয়া জরুরি। নিছক অনুমান, মালিকের অনুপস্থিতি কিংবা বাধা না দেওয়াকে অনুমতির প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না। ১. পরিত্যক্ত পুকুর থেকে মাছ ধরা কোনো পুকুর দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকলে কিংবা মালিক সেখানে মাছ চাষ না করলে অনেকেই মনে করেন, পুকুরের মাছ ধরে নেওয়া যেতে পারে। কিন্তু বাস্তবে পুকুর পরিত্যক্ত অবস্থায় থাকা, মালিকের অনুপস্থিতি কিংবা মাছ ধরতে কেউ নিষেধ না করাকে মালিকের অনুমতি হিসেবে গণ্য করা যাবে না। পুকুরের মালিকানা এবং তাতে থাকা মাছের মালিকানা বা মাছ ধরার অধিকার স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায় না। তাই মালিক বা তাঁর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ছাড়া সেখান থেকে মাছ ধরা জায়েজ হবে না। তবে মালিকপক্ষ অনুমতি দিলে কিংবা মাছ ধরার বিষয়ে প্রচলিত রীতি দ্বারা অনুমতি প্রমাণিত হলে অনুমতির সীমার মধ্যে মাছ ধরা বৈধ হবে। ২. বাগান থেকে শুকনো কাঠ ও ডালপালা সংগ্রহ ব্যক্তিমালিকানাধীন বাগান থেকে মালিকের অনুমতি ছাড়া শুকনো কাঠ বা ডালপালা সংগ্রহ করা জায়েজ নয়। গাছের ডাল শুকিয়ে গেলেও তা মালিকের সম্পত্তির অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশেষত গাছ থেকে ডাল ভেঙে নেওয়া হলে তা সরাসরি মালিকের সম্পদে হস্তক্ষেপের শামিল হবে। তবে মালিকের পক্ষ থেকে শুকনো ডালপালা সংগ্রহের অনুমতি থাকলে তা নেওয়া যাবে। এ ছাড়া কোনো এলাকায় যদি প্রচলিত রীতি এমন হয় যে, বাগানের গাছতলায় পড়ে থাকা শুকনো ডালপালা মানুষ নিয়ে যায়। মালিকপক্ষ এতে আপত্তি করে না। তাহলে এ ধরনের বাস্তব ও প্রতিষ্ঠিত রীতির ভিত্তিতেও অনুমতি প্রমাণিত হতে পারে। সে ক্ষেত্রে প্রচলিত রীতির সীমার মধ্যে শুকনো ডালপালা সংগ্রহ করা জায়েজ হবে। ৩. গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা সংগ্রহ গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতার বিধানও শুকনো ডালপালার মতো। মালিকের অনুমতি থাকলে কিংবা এলাকার প্রচলিত রীতি অনুযায়ী অনুমতি প্রমাণিত হলে শুকনো পাতা সংগ্রহ করা যাবে। সাধারণত অনেক এলাকায় গাছতলায় পড়ে থাকা শুকনো পাতা নিয়ে মালিকপক্ষের আপত্তি থাকে না। তবে কোনো বাগানে যদি পাতা সংগ্রহের ব্যাপারে মালিকের নিষেধাজ্ঞা থাকে কিংবা প্রচলিত রীতির মাধ্যমে অনুমতি প্রমাণিত না হয়, তাহলে সেখান থেকে পাতা সংগ্রহ করা জায়েজ হবে না। ৪. গাছ থেকে প্রাকৃতিকভাবে পড়ে যাওয়া আম কুড়িয়ে খাওয়া গাছ থেকে আম প্রাকৃতিকভাবে ঝরে পড়লেও তার মালিকানা গাছের মালিকেরই থাকে। তাই অনুমতি ছাড়া ঝরে পড়া আম গ্রহণ করা মূলত জায়েজ নয়। তবে কোনো এলাকায় যদি প্রচলিত রীতি এমন হয় যে, গাছ থেকে স্বাভাবিকভাবে পড়ে যাওয়া আম যে কেউ কুড়িয়ে খেতে পারে। মালিকপক্ষ এতে সন্তুষ্ট থাকে। তাহলে এ ধরনের আম কুড়িয়ে খাওয়ার অনুমতি প্রমাণিত হবে। সে ক্ষেত্রে আম কুড়িয়ে খেতে কোনো সমস্যা নেই। এ প্রসঙ্গে ফিকহের কিতাব আল-ফাতাওয়াল হিন্দিয়ায় উল্লেখ রয়েছে, শহরাঞ্চলে পড়ে থাকা ফল গ্রহণের ক্ষেত্রে মালিকের স্পষ্ট অনুমতি অথবা প্রচলিত রীতির মাধ্যমে অনুমতি জানা জরুরি। আর বাগানের ফলের ক্ষেত্রে ফলের ধরন ও সংরক্ষণযোগ্যতার বিবেচনায় ফকিহগণ বিভিন্ন আলোচনা করেছেন। কিতাবে এ বিষয়ে বলা হয়েছে, والمختار أنه لا يأكل منها ما لم يعلم أن أربابها رضوا بذلك، كذا في الغياثية. ‘গ্রহণযোগ্য মত হলো, ফলের মালিকেরা এতে সন্তুষ্ট—এ কথা জানা না থাকলে তা খাবে না। গিয়াসিয়্যাহ গ্রন্থেও এমনটি উল্লেখ রয়েছে।’ (আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ৫/৩৩৯) তবে অনুমতি যদি শুধু কুড়িয়ে খাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে, তাহলে আম জমা করে নিয়ে যাওয়া কিংবা বিক্রি করার অনুমতি থাকবে না। অনুমতির সীমা অতিক্রম করা জায়েজ নয়। ৫. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পেয়ারাগাছ থেকে পেয়ারা খাওয়া কোনো পেয়ারাগাছ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বণ্টনের মাধ্যমে ছোট চাচার মালিকানাধীন অংশে অন্তর্ভুক্ত হয়ে থাকলে, মূলত গাছ ও তার ফলের মালিক ছোট চাচাই হবেন। এ ক্ষেত্রে ছোট চাচা যদি অনুমতি দেন কিংবা আত্মীয়স্বজনদের ওই গাছ থেকে পেয়ারা খাওয়ার ব্যাপারে তাঁর সন্তুষ্টি ও প্রচলিত রীতি থাকে, তাহলে প্রয়োজন অনুযায়ী পেয়ারা পেড়ে খাওয়া জায়েজ হবে। এ ধরনের পারিবারিক প্রচলন থাকলে প্রত্যেকবার আলাদাভাবে অনুমতি নেওয়া আবশ্যক নয়। তবে অনুমতির বিষয়টি অস্পষ্ট হলে কিংবা মালিকের আপত্তির আশঙ্কা থাকলে অনুমতি নিয়ে নেওয়াই উত্তম। আর মালিকের অনুমতি বা সন্তুষ্টি না থাকলে আত্মীয়তার সম্পর্কের কারণে তাঁর সম্পদ ব্যবহারের অধিকার সৃষ্টি হবে না। ইসলামী শরিয়তে অন্যের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মালিকের অনুমতি ও সন্তুষ্টিই মূল বিষয়। গাছের নিচে পড়ে থাকা ফল, শুকনো কাঠ, ডালপালা কিংবা পাতা—কোনোটিই শুধু পড়ে থাকার কারণে মালিকানামুক্ত হয়ে যায় না। তবে মালিকের স্পষ্ট অনুমতি অথবা বাস্তবে প্রতিষ্ঠিত সামাজিক রীতির মাধ্যমে অনুমতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট সীমার মধ্যে এসব গ্রহণ ও ব্যবহার করা জায়েজ হতে পারে। অন্যদিকে মালিকের অনুপস্থিতি, সম্পদের অব্যবহৃত অবস্থা কিংবা মালিকের বাধা না দেওয়াকে এককভাবে অনুমতির প্রমাণ মনে করা ঠিক নয়। অতএব, অন্যের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। মালিকের অধিকার রক্ষা করা এবং সন্দেহপূর্ণ পরিস্থিতিতে অনুমতি নিয়ে নেওয়াই একজন সচেতন মুসলিমের কর্তব্য। তথ্যসূত্র এসএইচ/ |