
|
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ বিকাল
নিউজ ডেস্ক |
এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় জনসাধারণকে সতর্ক করেছে ইসি। এনআইডি সেবা পেতে সংশ্লিষ্ট নির্বাচন অফিস বা ১০৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে সংস্থাটি। রোববার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের পাঠানো এক সতর্কবাতায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম- বিশেষ করে হোয়াটস অ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করে দেওয়ার নামে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এক্ষেত্রে প্রতারকচক্র নিজেদেরকে নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করছে। এতে আরও বলা হয়েছে, এনআইডি সংশোধনের ক্ষেত্রে বা এনআইডি সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কোনো ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম- যেমন হোয়াটস অ্যাপ, ফেসবুক প্রভৃতি ব্যবহার করে না। এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সর্বসাধারণকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া এনআইডি বিষয়ে সেবা পেতে ১০৫ নম্বর হট লাইনে কল করে কথা বলতে অনুরোধ করা যাচ্ছে। এসএইচ/ |