
|
প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান
প্রকাশ:
১৪ নভেম্বর, ২০২৬, ০৯:০৮ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নববী আদর্শের বার্তা ছড়িয়ে দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সামনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ, সাহাবায়ে কেরামের ত্যাগ ও নৈতিকতার শিক্ষা তুলে ধরতে হবে। ক্যাম্পাসকে দখলদারিত্ব ও সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্ত করে জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও আদর্শচর্চার কেন্দ্রে পরিণত করতে হবে। শুক্রবার (১৩ নভেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে কলুষিত করছে। ছাত্র সংগঠনের নামে এসব অপকর্মের কারণে শিক্ষার্থীরা নিরাপদ ও আদর্শিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠা করতে আসেনি; বরং অন্যায়, অবিচার ও অশান্তির অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক, মানবিক ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে কাজ করছে। সব বাধা-বিপত্তি অতিক্রম করে শিক্ষার্থী ও তরুণ সমাজকে নৈতিক শক্তিতে বলীয়ান করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দেশ, সমাজ ও মানবতার প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, রুহানিয়াত ও জিহাদের মাধ্যমে সাহাবায়ে কেরাম যে আদর্শিক পথ অনুসরণ করেছেন, সেই পথেই সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে। আত্মশুদ্ধি, আল্লাহভীতি, জ্ঞানার্জন ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের মধ্য দিয়ে একজন আদর্শ ছাত্র গড়ে ওঠে। এমন ছাত্ররাই ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, ছাত্রজীবন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের সময় নয়; বরং আদর্শ, নৈতিকতা ও ত্যাগের চেতনায় নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। সংগঠনের কর্মীদের ব্যক্তিগত স্বার্থ, আরাম-আয়েশ ও প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে দ্বীনের দাওয়াত ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, সাহাবায়ে কেরামের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জ্ঞান, আমল, শৃঙ্খলা ও আত্মত্যাগের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। আজকের ত্যাগী, সৎ ও আদর্শবান ছাত্ররাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই প্রতিটি ক্যাম্পাসে নববী আদর্শের পতাকা সমুন্নত রাখতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি খায়রুল আহসান মারজান, হোসাইন ইবনে সরোয়ার ও ইমরান হোসাইন নূর; সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলীল; প্রশিক্ষণ সম্পাদক আশিকুল ইসলাম; তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম; প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন; দপ্তর ও যোগাযোগ সম্পাদক আহমাদ শাফী; আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস; পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু; প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম; পাঠাগার ও পরিকল্পনা সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন; জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক এম ইব্রাহীম নাসরুল্লাহ; অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ শোভন; স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান; প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিক এবং কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে। আইও/ |